বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ঢাকা

ভিলার ৩০ বছরের খরা কাটলো জয়ের উৎসবে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১ মে ২০২৬, ১০:৩৬ এএম

শেয়ার করুন:

ভিলার ৩০ বছরের খরা কাটলো জয়ের উৎসবে

দীর্ঘ তিন দশকের শিরোপা খরা ঘুচিয়ে অবশেষে ইউরোপা লিগের চ্যাম্পিয়ন হয়েছে অ্যাস্টন ভিলা। ফাইনালে জার্মান ক্লাব ফ্রাইবার্গকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ট্রফি তুলে নিয়েছে ইংলিশ ক্লাবটি।

বুধবার (২০ মে) ইস্তানবুলের বেসিকতাস পার্কে অনুষ্ঠিত ফাইনালে শুরুতে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় অ্যাস্টন ভিলা। কোচ উনাই এমেরির কৌশলের কাছে ফ্রাইবার্গ একসময় একেবারেই অসহায় হয়ে পড়ে।


বিজ্ঞাপন


প্রথমার্ধের শেষভাগে ৪১ মিনিটে মর্গ্যান রজার্সের বাড়ানো পাস ধরে দারুণ এক ভলিতে দলকে এগিয়ে দেন বেলজিয়ান মিডফিল্ডার ইউরি টিলেমান্স। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আর্জেন্টাইন তারকা এমিলিয়ানো বুয়েন্দিয়া ডি-বক্সের বাইরে থেকে অসাধারণ এক শটে ব্যবধান দ্বিগুণ করেন। 

দ্বিতীয়ার্ধে ফ্রাইবার্গ ম্যাচে ফেরার চেষ্টা করলেও ৫৮ মিনিটে বুয়েন্দিয়ার তৈরি করা সুযোগ কাজে লাগিয়ে মর্গ্যান রজার্স তৃতীয় গোল করে ভিলার জয় নিশ্চিত করেন।

এই জয়ের মাধ্যমে ১৯৯৬ সালে লিগ কাপ জয়ের পর প্রথমবারের মতো বড় কোনো শিরোপা ঘরে তুলল অ্যাস্টন ভিলা। এছাড়া ৪৪ বছর পর ইউরোপীয় প্রতিযোগিতায়ও ট্রফির স্বাদ পেল দলটি।

কোচ উনাই এমেরির জন্যও এটি অনন্য এক অর্জন। এটি তার ক্যারিয়ারের পঞ্চম ইউরোপা লিগ শিরোপা, যা তাকে প্রতিযোগিতার ইতিহাসে সবচেয়ে সফল কোচ হিসেবে আরও স্পষ্টভাবে প্রতিষ্ঠিত করল

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর