বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ঢাকা

পাকিস্তানের বিপক্ষে জয় আমাদের ইতিহাসের সেরা অর্জন: জামায়াত আমির

প্রকাশিত: ২০ মে ২০২৬, ০৩:০২ পিএম

শেয়ার করুন:

পাকিস্তানের বিপক্ষে জয় আমাদের ইতিহাসের সেরা অর্জন: জামায়াত আমির

বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত ২-০ ব্যবধানে জয়ের ঘটনায় উচ্ছ্বসিত হয়ে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।

তিনি বলেন, এই জয় শুধু ক্রিকেট দলের নয়, পুরো জাতির গৌরব। মিরপুরের পর সিলেটেও টাইগাররা যেভাবে লড়াই করে পাকিস্তানকে হারিয়েছে, তা দেশের ক্রিকেট ইতিহাসে এক স্মরণীয় মাইলফলক।


বিজ্ঞাপন


আজ বুধবার (২০ মে) এক বিবৃতিতে ডা. শফিকুর রহমান এই অভিনন্দন জানান। তিনি বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে ২-০ ব্যবধানে ঐতিহাসিক বিজয়লাভ করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ক্রিকেট বোর্ড (বিসিবি) সংশ্লিষ্ট সবাইকে আমি, আমার দল এবং দেশবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘মিরপুরের পর সিলেটেও আমাদের ক্রিকেট দল যে অসাধারণ ও দুর্ভেদ্য কৃতিত্ব দেখিয়েছে, তা সমগ্র জাতিকে এক অনন্য গৌরব এনে দিয়েছে। দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ৭৮ রানের বড় ব্যবধানে হারিয়ে এই ঐতিহাসিক সিরিজ জয় আমাদের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অর্জন। বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে টানা চার টেস্ট ম্যাচ জয়ের এই রেকর্ড টাইগারদের অদম্য ইচ্ছাশক্তি ও সামর্থ্যেরই প্রমাণ বহন করে।’

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশ পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ নিজেদের করে নেয়। এ নিয়ে পাকিস্তানের বিপক্ষে টানা চার টেস্ট জয় করল টাইগাররা, যা বাংলাদেশ ক্রিকেটের জন্য এক নতুন রেকর্ড।

বিরোধীদলীয় নেতা বিশেষ করে পঞ্চম দিনের রোমাঞ্চকর লড়াইয়ের প্রশংসা করেন। তিনি বলেন, ‘খেলার ৫ম দিনে পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত রুদ্ধশ্বাস ম্যাচে বাংলাদেশের সাহসী ও মেধাবী ক্রিকেটাররা অসাধারণ দক্ষতা, আত্মবিশ্বাস ও দলগত ঐক্যের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রতিপক্ষের কঠিন প্রতিরোধ ভেঙে আমাদের ক্রিকেটাররা যে লড়াকু মানসিকতার পরিচয় দিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের ৭৮ রানের এই গৌরবময় বিজয় এবং অনবদ্য কৃতিত্ব দেশবাসীকে আনন্দিত ও গর্বিত করেছে।’


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, এ ধরনের সাফল্য তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে। ভবিষ্যতে দল আরও বড় সাফল্য পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিবৃতির শেষাংশে ডা. শফিকুর রহমান টাইগারদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ সাফল্য কামনা করেছেন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর