বিশ্বকাপের প্রস্তুতি যত এগোচ্ছে, আর্জেন্টিনা শিবিরে ততই বাড়ছে উদ্বেগ। এবার চোটের কবলে পড়েছেন দুর্দান্ত ফর্মে থাকা তরুণ মিডফিল্ডার নিকো পাজ। তার বিশ্বকাপে খেলা নিয়ে দেখা দিয়েছে বড় শঙ্কা। এমনটায় জানায় টিওয়াইসি স্পোর্টসের এক প্রতিবেদনে।
ইতালির ক্লাব কোমো ১৯০৭-এর হয়ে এ মৌসুমে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন ২১ বছর বয়সী এই ফুটবলার। কিন্তু সম্প্রতি ভেরোনার বিপক্ষে ম্যাচে বাঁ হাঁটুতে আঘাত পান তিনি। এরপর পারমার বিপক্ষে ম্যাচেও তাকে মাঠে নামানো সম্ভব হয়নি।
বিজ্ঞাপন
প্রাথমিক পরীক্ষায় বড় ধরনের লিগামেন্ট বা পেশির চোট ধরা না পড়লেও, হাঁটুর হাড়ে সমস্যা থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ কারণে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন বাড়তি সতর্কতা অবলম্বন করেছে।
সংবাদমাধ্যমের খবর অনুসারে, পাজের শারীরিক অবস্থা সরাসরি পর্যবেক্ষণ করতে ইতালিতে চিকিৎসক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা কর্তৃপক্ষ। সেখানে ক্লাবের মেডিকেল টিমের সঙ্গেও বিস্তারিত আলোচনা করা হবে।
চলতি মৌসুমে কোমোর হয়ে নিয়মিত দুর্দান্ত খেলে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নেওয়ার শক্ত দাবিদার হয়ে উঠেছিলেন নিকো পাজ। কিন্তু এই অপ্রত্যাশিত চোট তার স্বপ্নে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।




