আসন্ন জুনে আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে একমাত্র টেস্ট এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ওয়ার্কলোড নিয়ন্ত্রণ এবং চোটের কারণে এই সিরিজ থেকে পুরোপুরি বিশ্রাম দেওয়া হয়েছে ভারতের প্রধান দুই অস্ত্র জাসপ্রিত বুমরাহ ও রবীন্দ্র জাদেজাকে।
৬ জুন নিউ চণ্ডীগড়ে শুরু হতে যাওয়া একমাত্র টেস্ট ম্যাচের সহ-অধিনায়কের পদে এসেছে পরিবর্তন। ঋষভ পন্তকে সরিয়ে অভিজ্ঞ কেএল রাহুলকে গিলের ডেপুটি করা হয়েছে। প্রধান নির্বাচক অজিত আগারকার এই সিদ্ধান্তের ব্যাখ্যায় বলেন, পন্তের টেস্ট পজিশন নিয়ে কোনো সংশয় নেই, তিনি ভারতের অন্যতম মূল ব্যাটার। তবে অধিনায়কত্বের বাড়তি চাপ সরিয়ে পন্তকে তাঁর স্বাভাবিক চেনা ফর্মে ফেরাতেই এই সিদ্ধান্ত। তবে ওয়ানডে স্কোয়াড থেকে পুরোপুরি বাদ পড়েছেন পন্ত।
বিজ্ঞাপন
টেস্ট ও টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটকে ইতোমধ্যে বিদায় জানানো মহাতারকা বিরাট কোহলিকে ওয়ানডে সিরিজের স্কোয়াডে রাখা হয়েছে। এছাড়া সাবেক অধিনায়ক রোহিত শর্মা ও অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াও ওয়ানডে দলে ফিরেছেন, তবে আইপিএল ২০২৬-এ চোটের কবলে পড়ায় এই দুই মুম্বাই ইন্ডিয়ান্স তারকার অন্তর্ভুক্তি নির্ভর করছে চূড়ান্ত ফিটনেস ছাড়পত্রের ওপর। ১৪, ১৭ ও ২০ জুন যথাক্রমে ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
আফগানদের স্পিন ও পেস শক্তির কথা মাথায় রেখে ঘরোয়া ক্রিকেটের তিন নিয়মিত পারফর্মারকে প্রথমবার টেস্ট স্কোয়াডে ডেকেছেন নির্বাচকরা। রাজস্থানের বামহাতি স্পিনার মানব সুথার, বিদর্ভের হর্ষ দুবে এবং পাঞ্জাবের গতি তারকা গুরনুর ব্রার এই প্রথম সাদা পোশাকের জাতীয় দলে ডাক পেয়ে চমক দেখিয়েছেন। বুমরাহ-জাদেজাহীন এই তরুণ ভারতীয় দল আফগানিস্তানের কঠিন চ্যালেঞ্জ কীভাবে সামাল দেয়, তা দেখতে মুখিয়ে আছে ক্রিকেট বিশ্ব।
টেস্ট স্কোয়াড: শুভমন গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল (সহ-অধিনায়ক), সাই সুদর্শন, ঋষভ পন্ত, দেবদত্ত পাডিক্কাল, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ, মানব সুথার, গুরনুর ব্রার, হর্ষ দুবে, ধ্রুব জুরেল।
ওডিআই স্কোয়াড: শুভমন গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার (সহ-অধিনায়ক), কেএল রাহুল, ঈশান কিশান, হার্দিক পান্ডিয়া, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণ, প্রিন্স যাদব, গুরনুর ব্রার, হর্ষ দুবে।




