রোববার, ১৭ মে, ২০২৬, ঢাকা

যুক্তরাষ্ট্র যাত্রার প্রস্তুতি শুরু করল ইরান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭ মে ২০২৬, ০১:১২ পিএম

শেয়ার করুন:

যুক্তরাষ্ট্র যাত্রার প্রস্তুতি শুরু করল ইরান

২০২৬ ফিফা বিশ্বকাপের আয়োজক দেশগুলোতে ইরানি দলের ভিসা নিয়ে যে অনিশ্চয়তার কালো মেঘ জমেছিল, তা অবশেষে সরে গেছে। ফিফার উচ্চপর্যায়ের তৎপরতায় সমস্যার ইতিবাচক সমাধান হয়েছে বলে জানিয়েছে উভয় পক্ষ।

আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মাঠে শুরু হতে যাচ্ছে এবারের বিশ্বকাপ। ইরানের তিনটি গ্রুপ ম্যাচই অনুষ্ঠিত হওয়ার কথা যুক্তরাষ্ট্রে। তবে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানে হামলার পর থেকেই দলটির অংশগ্রহণ নিয়ে শঙ্কা দেখা দেয়। বিশেষ করে আইআরজিসির (ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস) সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে যুক্তরাষ্ট্র ও কানাডা কঠোর অবস্থান নেওয়ায় ভিসা জটিলতা তৈরি হয়।


বিজ্ঞাপন


এই সংকট নিরসনে শনিবার তুরস্কের ইস্তানবুলে ফিফা কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসে ইরান ফুটবল ফেডারেশন। বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ ও ইতিবাচক হয়েছে বলে জানিয়েছেন উভয়পক্ষ।

ফিফার সাধারণ সম্পাদক মাতিয়াস গ্রাফস্ট্রোম রয়টার্সকে বলেন, ‘ইরান ফুটবল ফেডারেশনের সঙ্গে আমাদের চমৎকার ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা খুব ঘনিষ্ঠভাবে কাজ করছি এবং বিশ্বকাপে তাদের স্বাগত জানাতে আমরা উন্মুখ হয়ে আছি।’

ইরানি ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ গত মাসে কানাডার ফিফা কংগ্রেসে যোগ দিতে গিয়ে ভিসা জটিলতায় পড়েন। তবে ইস্তানবুল বৈঠকের পর তিনি আশাবাদী। তাজ জানান, ‘আমরা ১০টি গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছিলাম। ফিফা কর্মকর্তারা প্রতিটি বিষয় মনোযোগ দিয়ে শুনেছেন এবং সমাধান দিয়েছেন। আল্লাহর রহমতে আমাদের জাতীয় দল কোনো বাধা ছাড়াই বিশ্বকাপে অংশ নিতে পারবে এবং ভালো ফল করবে।’

বৈঠকের পরই ইরান ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে। সোমবার তেহরান থেকে তুরস্কের উদ্দেশে রওনা দেবে দলটি। সেখানে কন্ডিশনিং ক্যাম্প, প্রীতি ম্যাচের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ভিসা আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে তারা।


বিজ্ঞাপন


‘জি’ গ্রুপে ইরানের প্রথম ম্যাচ আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর তাদের বাকি প্রতিপক্ষ বেলজিয়াম ও মিশর।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর