‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ ফিফা বিশ্বকাপ গড়াতে বাকি আর ২৬ দিন। রেকর্ড ৪৮ দেশের ১০৪টি ম্যাচ ও রেকর্ড ব্যয়ের ২০২৬ বিশ্বকাপের আসরকে ঘিরে থাকছে বাড়তি উত্তেজনা। চার বছর পর পর হওয়া বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ থাকে তুঙ্গে। এরই মাঝে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় যৌথভাবে আয়োজিত এই ঐতিহাসিক আসরে বাংলাদেশ ফুটবলপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাস তৈরি করেছে আরও বেশি।
ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মঞ্চ ২০২৬ ফিফা বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন ফারজিন গনি। জানা গেছে, ফিফা বিশ্বকাপ ২০২৬-এ দেশের একমাত্র ভলান্টিয়ার হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন। বিশ্বকাপে অংশ নিতে আগামী দুই জুন টরন্টোর উদ্দেশে যাত্রা করবেন তিনি।
বিজ্ঞাপন
২০২৬ বিশ্বকাপের জন্য বিশ্বব্যাপী প্রায় ৬৫ হাজার ভলান্টিয়ার নিয়োগ করছে ফিফা। এর মধ্যে বাংলাদেশ থেকে ফারজিনই একমাত্র প্রতিনিধি হিসেবে সুযোগ পেয়েছেন। এই ভলান্টিয়াররা স্টেডিয়াম অপারেশন, দর্শক সেবা, টিকিট ব্যবস্থাপনা, মিডিয়া সাপোর্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।

ফিফা ভলান্টিয়ারদের জন্য প্রশিক্ষণ, থাকা-খাওয়া এবং টুর্নামেন্টের বিভিন্ন সুবিধা প্রদান করে। ১১ জুন থেকে ১৯ জুলাই ২০২৬ পর্যন্ত চলা এই আসরে ভলান্টিয়াররা বিশ্বের শীর্ষ ফুটবলারদের কাছ থেকে সরাসরি অভিজ্ঞতা লাভ করবেন এবং আন্তর্জাতিক নেটওয়ার্ক গড়ে তুলবেন।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ভলান্টিয়ারদের নিয়ে বলেছিলেন, ‘স্বেচ্ছাসেবীরা ফিফা টুর্নামেন্টের হৃদয়, প্রাণ ও হাসি। তারা নিজেদের পরিচয়কে গর্বের সঙ্গে তুলে ধরতে পারে, টুর্নামেন্টের অন্তরালের দৃশ্য কাছ থেকে দেখার সুযোগ পায় এবং এমন সব স্মৃতি ও বন্ধুত্ব তৈরি করে, যা আজীবন থেকে যায়। একই সঙ্গে তারা ঐতিহাসিক আয়োজনকে সফল করতে সহায়তা করে।’
বিজ্ঞাপন
এসটি




