রোববার, ১৭ মে, ২০২৬, ঢাকা

গার্দিওলার রেকর্ড,দুই ফাইনাল হারের আক্ষেপ ঘুচিয়ে চ্যাাম্পিয়ন ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬ মে ২০২৬, ১১:০৬ পিএম

শেয়ার করুন:

গার্দিওলার রেকর্ড,দুই ফাইনাল হারের আক্ষেপ ঘুচিয়ে চ্যাাম্পিয়ন ম্যানসিটি

দীর্ঘ দুই মৌসুমের অপেক্ষা শেষে আবারও এফএ কাপের ট্রফি হাতে তুলল ম্যানচেস্টার সিটি। ওয়েম্বলি স্টেডিয়ামে জমজমাট ফাইনালে চেলসিকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় পেপ গার্দিওলার দল। ম্যাচের একমাত্র গোলটি করেন আন্তনি সেমেনিও।

টানা চতুর্থবারের মতো এফএ কাপের ফাইনালে উঠেছিল সিটি। তবে আগের দুই আসরে শিরোপা ছুঁতে পারেনি তারা। তাই এবারের ফাইনাল ছিল আকাশী নীলদের জন্য বাড়তি গুরুত্বের। সেই চাপ সামলে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে সিটিজেনরা।


বিজ্ঞাপন


প্রথমার্ধে বলের দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও গোলের দেখা পায়নি কোনো দল। চেলসির রক্ষণভাগ ভাঙতে বেশ বেগ পেতে হয় হলান্ডদের। ফলে বিরতিতে যেতে হয় গোলশূন্য সমতায়।

দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল সিটি। ৪৭ মিনিটে সেমেনিওর হেড অল্পের জন্য পোস্টের বাইরে চলে যায়। তবে আক্রমণের ধার কমায়নি পেপের শিষ্যরা।

অবশেষে ৭১ মিনিটে কাঙ্ক্ষিত গোল পায় সিটি। ডান দিক দিয়ে বক্সে ঢুকে বল বাড়িয়ে দেন আর্লিং হালান্ড। সেই পাস থেকে দুর্দান্ত ‘নো-লুক’ ব্যাকহিল শটে জাল খুঁজে নেন সেমেনিও। চলতি মৌসুমে এটি তার ১৯তম গোল।

গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা করে চেলসি। একের পর এক আক্রমণ চালালেও সিটির সংগঠিত রক্ষণ ভাঙতে ব্যর্থ হয় ব্লুজরা।


বিজ্ঞাপন


ম্যাচের ৮৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিল সিটি। তবে রায়ান চেরকিরর জোরালো শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন চেলসির গোলরক্ষক।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ১-০ ব্যবধানের জয় নিয়েই শিরোপা উল্লাসে মাতে সিটি। কারাবাও কাপের পর চলতি মৌসুমে এটি তাদের দ্বিতীয় ট্রফি।

এই জয়ের মাধ্যমে সিটির কোচ হিসেবে নিজের ২০তম শিরোপা জয়ের রেকর্ড গড়লেন পেপ গার্দিওলা। পাশাপাশি এফএ কাপে এটি তার তৃতীয় শিরোপা।

এসটি 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর