ভারত-পাকিস্তান ক্রিকেট সম্পর্কের মধ্যে উত্তেজনা চললেও আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে এক নতুন আমন্ত্রণ এসেছে পাকিস্তানের জন্য। আইসিসি বোর্ড মিটিংয়ে যোগ দিতে এবং আইপিএল ২০২৬-এর ফাইনাল দেখতে মোহসিন নাকভিকে আহমেদাবাদে আমন্ত্রণ জানানো হয়েছে। এমনটায় জানায় পাকিস্তান গণমাধ্যম জিও সুপারের এক প্রতিবেদনে।
আসন্ন আইসিসি বোর্ড মিটিং এবং আইপিএল ২০২৬ ফাইনাল দুটি ইভেন্টই আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
আন্তর্জাতিক ক্রিকেট সূত্রের বরাতে জানা যায়, আইসিসি এ মাসের শেষের দিকে চিফ এক্সিকিউটিভস কমিটি (সিইসি) এবং বোর্ড মিটিংয়ের আয়োজন করছে। সিইসি মিটিংটি ২১ মে ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। আর বোর্ড মিটিং হবে ৩০ ও ৩১ মে আহমেদাবাদে সরাসরি। একই দিন (৩১ মে) আইপিএল ২০২৬-এর ফাইনালও সেখানে খেলা হবে।
সাধারণত এ ধরনের গুরুত্বপূর্ণ মিটিংয়ে চেয়ারম্যানকে সরাসরি উপস্থিত থাকতে হয়। তবে ভারত-পাকিস্তানের মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনা ও ক্রিকেট বোর্ডের সম্পর্কের কারণে নাকভির অংশগ্রহণ নিয়ে সংশয় রয়েছে।
সূত্র জানিয়েছে, পিসিবি চেয়ারম্যান ইতোমধ্যে এই আমন্ত্রণ প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কাছে পাঠিয়ে দিয়েছেন। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীই সিদ্ধান্ত নেবেন যে নাকভি আহমেদাবাদে যাবেন কি না।
প্রসঙ্গত, আইসিসির এই বৈঠকগুলো আগে মার্চ-এপ্রিলে কাতারের দোহায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু আঞ্চলিক উত্তেজনার কারণে তা স্থগিত হয়ে যায়।
বিজ্ঞাপন




