শনিবার, ১৬ মে, ২০২৬, ঢাকা

বায়ার্নের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ালেন নয়ার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬ মে ২০২৬, ০৩:১৮ পিএম

শেয়ার করুন:

বায়ার্নের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ালেন নয়ার

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলরক্ষক ম্যানুয়েল নয়ারের সাথে বায়ার্ন মিউনিখের দীর্ঘ পথচলা এখনই থামছে না। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাভারিয়ান জায়ান্টদের সাথে আরও এক বছরের জন্য চুক্তির মেয়াদ বাড়িয়েছেন ৪০ বছর বয়সী এই কিংবদন্তি গোলরক্ষক। নতুন এই চুক্তির ফলে আলিয়াঞ্জ অ্যারেনায় তার অবস্থান দীর্ঘ ১৬ বছরে গিয়ে ঠেকবে।

চলতি মৌসুম শেষেই বায়ার্নের সাথে নয়ারের চুক্তির মেয়াদ ফুরিয়ে যাওয়ার কথা ছিল। বয়স এবং ভবিষ্যতের কথা চিন্তা করে অনেকেই তার বিদায়ের ঘণ্টা শুনছিলেন। তবে শুক্রবার নয়ার নিজেই চুক্তির মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়ে বলেন, "একটু সময় নিয়ে ভেবে দেখার পর আমি চুক্তি নবায়নের এই সিদ্ধান্তটি নিয়েছি। বায়ার্নে শিরোপা জেতার সব ধরনের রসদ রয়েছে এবং আমাদের এই দলটির যেকোনো প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা আছে।"


বিজ্ঞাপন


জার্মান গণমাধ্যম 'বিল্ড' জানিয়েছে, নতুন মেয়াদে নয়ারের কাঁধে কেবল গোলপোস্ট সামলানোর দায়িত্বই থাকছে না, বরং দলের ভবিষ্যৎ তৈরি করার একটি পরিকল্পনাও রয়েছে। ২০২৬-২৭ মৌসুমে নয়ারকে কিছুটা কম ম্যাচে খেলানো হতে পারে, যাতে দলের তরুণ ব্যাক-আপ গোলরক্ষক জোনাস উরবিগ নিজেকে মূল দলের জন্য প্রস্তুত করতে পারেন। একই সাথে দলের অভিজ্ঞতার ভারসাম্য বজায় রাখতে তৃতীয় গোলরক্ষক সভেন উলরাইখের চুক্তিও নবায়ন করেছে বায়ার্ন কর্তৃপক্ষ।

২০১১ সালে শালকে থেকে বায়ার্নে যোগ দেওয়ার পর নয়ার নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। ২০১৪ সালে জার্মানির হয়ে বিশ্বকাপ জেতার পর সেই বছরই ব্যালন ডি'অরের শীর্ষ তিনে জায়গা করে নিয়েছিলেন তিনি; যা গত এক দশকে কোনো গোলরক্ষকের জন্য সর্বোচ্চ স্বীকৃতি। ২০২৪ সালে ১২৪ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেও ক্লাব ফুটবলে তার ধার কমেনি বিন্দুমাত্র। চলমান চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে তার অবিশ্বাস্য সব সেভ বায়ার্নকে জয় এনে দেওয়ার পাশাপাশি তাকে ম্যাচসেরার পুরস্কারও এনে দেয়।

বায়ার্নের হয়ে দুটি চ্যাম্পিয়ন্স লিগ ছাড়াও সতীর্থ থমাস মুলারের সাথে যৌথভাবে রেকর্ড ১৩ বার বুন্দেসলিগার ট্রফি উঁচিয়ে ধরেছেন নয়ার। বায়ার্নে কাটানো দীর্ঘ সময়ে মাত্র দুটি মৌসুমে লিগ শিরোপা হাতছাড়া হয়েছে তার। এছাড়া ক্যারিয়ারে মোট ছয়টি জার্মান কাপের ট্রফিও রয়েছে তার ক্যাবিনেটে। ক্যারিয়ারের গোধূলিলগ্নে এসেও বায়ার্নের এই অতন্দ্র প্রহরী প্রমাণ করে দিলেন, আলিয়াঞ্জ অ্যারেনার দুর্গ রক্ষার চাবিকাঠি এখনো তার বিশ্বস্ত গ্লাভসেই সবচেয়ে নিরাপদ।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর