রিয়াল ওভিয়েদোর বিপক্ষে ২-০ ব্যবধানের সহজ জয় দিয়ে রাত শেষ করেছে রিয়াল মাদ্রিদ। তবে মাঠের ফুটবলের চেয়ে এদিন বেশি আলোচনায় ছিলেন কিলিয়ান এমবাপে। ম্যাচের ৬৯ মিনিটে যখন বদলি হিসেবে এই ফরাসি ফরোয়ার্ড মাঠে নামেন, নিজের ঘরের মাঠের দর্শকদের কাছ থেকেই শুনতে হয়েছে তীব্র দুয়োধ্বনি।
মৌসুমে ৪১ ম্যাচে ৪১ গোল করে দলের সর্বোচ্চ গোলদাতা হওয়া সত্ত্বেও দর্শকদের মন গলাতে পারছেন না ২৭ বছর বয়সী এই সুপারস্টার। বিশেষ করে উরুর চোট থেকে সেরে ওঠার সময়ে রিয়ালের ম্যাচের দিন সার্ডিনিয়াতে তাঁর ইয়ট ভ্রমণের ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে ক্লাবের প্রতি তাঁর অঙ্গীকার নিয়ে প্রশ্ন ওঠে। এর রেশ ধরে ‘এমবাপে আউট’ শিরোনামে একটি অনলাইন পিটিশনে ইতিমধ্যে কয়েক কোটি মানুষ স্বাক্ষর করেছেন।
বিজ্ঞাপন
ওভিয়েদোর বিপক্ষে মাঠে নামার সময় দুয়োধ্বনি শুনে মুচকি হাসতে দেখা যায় এমবাপেকে। ম্যাচ শেষে নিজের অবস্থান পরিষ্কার করে তিনি সাংবাদিকদের বলেন, “দুয়োধ্বনি... এটাই জীবন। মানুষ যখন রেগে থাকে, আপনি তাদের মতামত বদলে দিতে পারবেন না। রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হওয়া বা আমার মতো জনপ্রিয় হওয়ার এটা একটা অংশ। ফুটবলারদের সবকিছু বোঝার দরকার নেই, শুধু মেনে নিয়ে পরিস্থিতির উন্নতির চেষ্টা করতে হয়।”
বার্সেলোনার কাছে গত রবিবারের হারে রিয়ালের শিরোপাহীন মৌসুম কাটানো নিশ্চিত হওয়ার পর থেকেই ক্লাবজুড়ে অস্বস্তি চলছে। এদিন গ্যালারিতে শুধু এমবাপে নন, তোপের মুখে ছিলেন ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজও। গ্যালারি থেকে “ফ্লোরেন্তিনো গো নাও” (পেরেজ এখনই বিদায় হও) লেখা ব্যানার সরিয়ে নিতে দেখা যায় নিরাপত্তাকর্মীদের।
এর মাঝেই ম্যাচে জালের দেখা পেয়েছেন গঞ্জালো গার্সিয়া এবং জুড বেলিংহাম। প্রথমার্ধের ঠিক আগে গার্সিয়ার গোলে এগিয়ে যাওয়ার পর শেষের দিকে ব্যবধান দ্বিগুণ করেন বেলিংহাম। অবনমিত হয়ে যাওয়া ওভিয়েদোর বিপক্ষে এই জয় মাদ্রিদ শিবিরের থমথমে পরিস্থিতিতে কিছুটা স্বস্তি দিলেও, বড় তারকাদের নিয়ে সমর্থকদের অসন্তোষ কাটেনি।




