বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ঢাকা

এখনো যুক্তরাষ্ট্রের ভিসা পাননি ইরানের ফুটবলাররা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪ মে ২০২৬, ০৯:৪৪ পিএম

শেয়ার করুন:

এখনো যুক্তরাষ্ট্রের ভিসা পাননি ইরানের ফুটবলাররা

আগামী মাসে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে পর্দা উঠছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের। তবে টুর্নামেন্ট শুরুর একদম দোড়গোড়ায় দাঁড়িয়েও এখনো মার্কিন ভিসা পায়নি ইরান জাতীয় ফুটবল দল। বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই উদ্বেগের কথা জানিয়েছেন দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ।

তিনি স্পষ্ট করে বলেন, "আগামী এক-দুই দিনের মধ্যে আমরা ফিফার সাথে একটি চূড়ান্ত ও অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে বসছি। ভিসা সমস্যার এখনো কোনো সমাধান হয়নি, তাই এই বিষয়ে ফিফাকেই আমাদের নিশ্চিত গ্যারান্টি দিতে হবে।"


বিজ্ঞাপন


কাদের ভিসা দেওয়া হচ্ছে বা হচ্ছে না- সে বিষয়ে আমেরিকার পক্ষ থেকে এখনো কোনো সবুজ সংকেত পাওয়া যায়নি জানিয়ে মেহেদি তাজ যোগ করেন, "অন্য পক্ষ থেকে আমাদের এখনো কোনো তথ্য দেওয়া হয়নি। সহজ কথায়, দলের কাউকেই এখনো ভিসা ইস্যু করা হয়নি।"

ভিসা প্রক্রিয়ার অংশ হিসেবে ইরানি খেলোয়াড়দের বায়োমেট্রিক বা আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) দেওয়ার জন্য তুরস্কের রাজধানী আঙ্কারায় যাওয়ার কথা রয়েছে। তবে দলের সুবিধার কথা চিন্তা করে ফেডারেশন প্রধান জানান, "খেলোয়াড়দের আঙ্কারা যাওয়ার কথা থাকলেও আমরা চেষ্টা করছি এই প্রক্রিয়াটি যেন তুরস্কের আন্তালিয়া শহরেই সম্পন্ন করা যায়, যাতে ফুটবলারদের বাড়তি ভ্রমণের ধকল পোহাতে না হয়।"

রাজনীতি আর যুদ্ধের উত্তাপ এবার সরাসরি এসে লেগেছে দেশটির বিশ্বকাপ ফুটবলে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে ইরান। যদিও গত ৮ এপ্রিল থেকে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চলছে, তবে মাঠের বৈরিতার প্রভাব এখনো কাটেনি। এর আগে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর মার্কিন দূতাবাসে জিম্মি সংকটকে কেন্দ্র করে ১৯৮০ সাল থেকেই তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন রয়েছে।

এমন যুদ্ধকালীন পরিস্থিতির মাঝেই গত বুধবার তেহরানের এঙ্গেল্যাব স্কয়ারে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ‘টিম মেল্লি’ খ্যাত ইরান জাতীয় দলকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।


বিজ্ঞাপন


বিশ্বকাপের সূচি অনুযায়ী, গ্রুপ 'জি'-তে থাকা ইরানের অ্যারিজোনার টুকসনে ক্যাম্প করার কথা রয়েছে। আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করার সূচি রয়েছে। গ্রুপ পর্বে তাদের বাকি দুই প্রতিপক্ষ বেলজিয়াম ও মিশর। এখন দেখার বিষয়, মাঠের লড়াই শুরুর আগে টেবিলের এই কূটনৈতিক ও প্রশাসনিক লড়াইয়ে ইরান জয়ী হতে পারে কিনা।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর