বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ঢাকা

যুব দলের মেন্টর হচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪ মে ২০২৬, ০৮:৫৩ পিএম

শেয়ার করুন:

যুব দলের মেন্টর হচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের মেন্টর বা পরামর্শক হিসেবে দেখা যেতে পারে জাতীয় দলের সাবেক সফল অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে। দেশের ক্রিকেটের ‘সাইলেন্ট কিলার’ খ্যাত এই অভিজ্ঞ অলরাউন্ডারকে যুবাদের দায়িত্ব দেওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার বোর্ডের একজন শীর্ষ কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, বিসিবির এই প্রস্তাবের পর মাহমুদউল্লাহ নিজেও অনূর্ধ্ব-১৯ দলের সাথে কাজ করতে বেশ আগ্রহ দেখিয়েছেন। তবে এই দায়িত্ব পেলেও মাঠের ক্রিকেট থেকে এখনই দূরে সরছেন না তিনি। বর্তমানে চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে নিয়মিত খেলছেন। বিসিবির এক কর্মকর্তা জানান, “মাহমুদউল্লাহর সাথে আমাদের আলোচনা চলছে। তবে যুব দলের মেন্টর হিসেবে যোগ দিলেও তিনি ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন।”


বিজ্ঞাপন


অবশ্য বোর্ডের আরেকটি সূত্র জানিয়েছে, পুরো বিষয়টি এখনো প্রাথমিক আলোচনা বা নীতিগত সিদ্ধান্তের পর্যায়ে রয়েছে। চুক্তিপত্রের শর্তাবলি কিংবা তিনি ঠিক কতদিনের জন্য এই দায়িত্ব সামলাবেন তা এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হয়নি।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও কোচিংয়ের খুঁটিনাটি শেখার প্রক্রিয়াটা তিনি আগেই শুরু করেছিলেন। গত বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর, সেপ্টেম্বরেই বিসিবির অধীনে তিন দিনের একটি বিশেষায়িত ব্যাটিং কোচিং কোর্স সম্পন্ন করেন ৪০ বছর বয়সী এই ক্রিকেটার।

বাংলাদেশের ক্রিকেটে দীর্ঘ প্রায় ১৮ বছরের এক বর্ণাঢ্য ক্যারিয়ার মাহমুদউল্লাহ রিয়াদের। দেশের হয়ে ৫০টি টেস্ট, ২৩৯টি ওয়ানডে এবং ১৪১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতাসম্পন্ন এই তারকা ব্যাটার আন্তর্জাতিক ক্রিকেটে ১১ হাজারেরও বেশি রান করেছেন, পাশাপাশি ঝুলিতে পুরেছেন ১৬৬টি উইকেট। শুধু খেলোয়াড় হিসেবেই নয়, অধিনায়ক হিসেবেও তিনি বেশ সফল। ২০১৮ থেকে ২০১৯ সালের মধ্যে ৬টি টেস্টে এবং ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশের হয়ে রেকর্ড ৪৩টি টি-টোয়েন্টি ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন তিনি।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর