বুধবার, ১৩ মে, ২০২৬, ঢাকা

নিউজিল্যান্ড সিরিজের জন্য ইংল্যান্ডের দল ঘোষণা, বাদ ক্রলি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০৭:২৬ পিএম

শেয়ার করুন:

নিউজিল্যান্ড সিরিজের জন্য ইংল্যান্ডের দল ঘোষণা, বাদ ক্রলি

অ্যাশেজে ৪-১ ব্যবধানে হারের পর নিজেদের নতুন করে গুছিয়ে নেওয়ার লক্ষ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টের দল থেকে ওপেনার জ্যাক ক্রলিকে বাদ দিয়েছে ইংল্যান্ড। ক্রলিকে সরিয়ে দলে জায়গা পেয়েছেন ডারহামের বিশেষজ্ঞ ওপেনার এমিলিও গে। গে ছাড়াও হ্যাম্পশায়ারের ফাস্ট বোলার সনি বেকার এবং সমারসেটের উইকেটরক্ষক-ব্যাটার জেমস রিউ প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন।

অস্ট্রেলিয়া সফরে ১০ ইনিংসে মাত্র ২৭.৩০ গড়ে ২৭৩ রান করা এবং ঘরোয়া ক্রিকেটে কেন্টের হয়ে রানখরায় থাকা ২৮ বছর বয়সী ক্রলিকে প্রথমবারের মতো বাদ দিলেন বেন স্টোকস ও ব্রেন্ডন ম্যাককালাম। আগামী ৪ জুন লর্ডসে শুরু হতে যাওয়া তিন টেস্টের সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের একাদশে তিনজনের অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে।


বিজ্ঞাপন


এদিকে দুই বছরের নির্বাসন কাটিয়ে দলে ফিরেছেন পেসার অলি রবিনসন। ২০ টেস্টে ২২.৯২ গড়ে ৭৬ উইকেট নেওয়া রবিনসন ফিটনেস ও আচরণের কারণে ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে দলের বাইরে ছিলেন। জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড ও ক্রিস ওকসের অবসরের পর ইংল্যান্ডের নতুন বল হাতে অভিজ্ঞ পেসারের প্রয়োজনে রবিনসন তাঁর ক্যারিয়ার পুনরুজ্জীবিত করার সুযোগ পেয়েছেন।

২৬ বছর বয়সী এমিলিও গে এই মৌসুমে ডারহামের হয়ে তিনটি সেঞ্চুরিসহ ৯২ গড়ে ৫২২ রান করেছেন। ২২ বছর বয়সী জেমস রিউ মূলত জেমি স্মিথের ব্যাক-আপ উইকেটরক্ষক ও অতিরিক্ত ব্যাটার হিসেবে দলে থাকবেন। এছাড়া বিশেষজ্ঞ স্পিনার হিসেবে দলে ফিরেছেন রেহান আহমেদ ও শোয়েব বশির।

অ্যাশেজে বাজে পারফরম্যান্সের কারণে অলি পোপ এবং অফ-স্পিনার উইল জ্যাকস দল থেকে বাদ পড়েছেন। ইংল্যান্ডের ম্যানেজিং ডিরেক্টর রব কি এই দলটিকে আন্তর্জাতিক অভিজ্ঞ এবং ঘরোয়া ক্রিকেটে ফর্মে থাকা খেলোয়াড়দের একটি "রোমাঞ্চকর মিশ্রণ" হিসেবে বর্ণনা করেছেন।

ইংল্যান্ড দল:
বেন স্টোকস (অধিনায়ক), রেহান আহমেদ, গাস অ্যাটকিনসন, সনি বেকার, শোয়েব বশির, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, বেন ডাকেট, ম্যাথিউ ফিশার, এমিলিও গে, জেমস রিউ (উইকেটরক্ষক), অলি রবিনসন, জো রুট, জেমি স্মিথ (উইকেটরক্ষক), জশ টাঙ।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর