বুধবার, ১৩ মে, ২০২৬, ঢাকা

‘লজ্জা থাকা উচিত, তোমরা পাকিস্তানকে কোথায় নিয়ে গেছ’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০১:১৯ পিএম

শেয়ার করুন:

‘লজ্জা থাকা উচিত, তোমরা পাকিস্তানকে কোথায় নিয়ে গেছ’

ঢাকার মাটিতে আরেকবার ধসে পড়ল পাকিস্তানের সাদা পোশাক। বাংলাদেশের কাছে ১০৪ রানের হারের পর পাকিস্তানি ক্রিকেটের অভ্যন্তরীণ ক্ষতগুলো আর লুকিয়ে থাকছে না। সাবেক ওপেনার আহমেদ শেহজাদের কন্ঠে উঠে আসলো সেই ক্ষোভ। নিজের ইউটিউব চ্যানেলে খোলাখুলি আক্রমণ করলেন দল, নেতৃত্ব, বোর্ড এবং পুরো ক্রিকেট ব্যবস্থাকে। তার কথায় ফুটে উঠেছে হতাশা, ক্ষোভ আর তীব্র আত্মসমালোচনা।

প্রথম ইনিংসে বাংলাদেশের ৪১৩ রানের জবাবে পাকিস্তান করে মাত্র ৩৮৬। দ্বিতীয় ইনিংসে টাইগাররা ২৪০ রানে ইনিংস ঘোষণা করলে পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৬৮ রানের। কিন্তু শান মাসুদের দল মাত্র ১৬৩ রানে অলআউট হয়ে যায়। ফলে বাংলাদেশ পায় ১০৪ রানের দাপুটে জয়। এটি পাকিস্তানের বিপক্ষে টাইগারদের টানা তৃতীয় টেস্ট জয়।


বিজ্ঞাপন


এই হারের পর আহমেদ শেহজাদ সরাসরি বলেন, 'হবে না, তোমাদের দিয়ে হবে না।' তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশের কাছে পাকিস্তানের এই ধারাবাহিক হার কোনো ‘ফ্লুক’ বা কপালের দোষ নয়, বরং দীর্ঘদিনের গভীর দুর্বলতার ফল। ২০২৪ সালের টেস্ট সিরিজ এবং চলতি বছরের ওয়ানডে সিরিজে বাংলাদেশের জয়কেও তিনি একইভাবে উল্লেখ করেন।

শেহজাদ আরও বলেন, 'তোমরা সবসময় এসব হারকে ভাগ্যের ওপর চাপিয়ে দিয়েছ। কিন্তু এটা ভাগ্যের খেলা নয়।'

বর্তমান অধিনায়ক শান মাসুদকে নিয়ে শেহজাদের মন্তব্য ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি শান মাসুদকে ব্যক্তিগতভাবে ‘ভালো ছেলে’ বললেও নেতৃত্বের জন্য যথেষ্ট নয় বলে মনে করেন। 'শান মাসুদ তোমাদের অধিনায়ক, সে ভালো মানুষ কিন্তু কোনো নেতা নয়,' বলেন শেহজাদ। 

তিনি পাকিস্তান দলের আত্মসম্মান ও মানসিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন। 'কিছুটা লজ্জা ও আত্মসম্মান তো থাকা উচিত। তোমরা পাকিস্তান ক্রিকেটকে কোথায় নিয়ে গেছ?' এমন প্রশ্ন ছুড়ে দেন তিনি।


বিজ্ঞাপন


পাকিস্তানের ফাস্ট বোলারদের পারফরম্যান্স নিয়ে শেহজাদের হতাশা ছিল চরম। তিনি বলেন, 'দূর থেকে দৌড়ে এসে স্পিন করছে বলে মনে হচ্ছিল।' শহীদ আফ্রিদির যুগের আক্রমণাত্মক ও গতিময় বোলিংয়ের সঙ্গে তুলনা করে তিনি বর্তমান প্রজন্মের দুর্বলতা তুলে ধরেন।

শেষে পাকিস্তান ক্রিকেট বোর্ড, সাবেক ক্রিকেটারদের সম্পৃক্ততা ও পুরো কাঠামো নিয়ে তীব্র সমালোচনা করেন শেহজাদ। তিনি বলেন, 'সবাই মিলে পাকিস্তানকে নয় নম্বর দল বানিয়ে ফেলেছ। এভাবে চলতে থাকলে আরও নিচে নামবে।'

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর