২০২৬ বিশ্বকাপের দরজায় দাঁড়িয়ে ব্রাজিল ফুটবল এখন এক বড় সিদ্ধান্তের মুখে। দেশের সর্বকালের সেরা গোলদাতা নেইমার জুনিয়রের ভাগ্য ঝুলছে। প্রাথমিক দলে জায়গা পেলেও চূড়ান্ত স্কোয়াডে তার অন্তর্ভুক্তি এখনো অনিশ্চিত। কোচ কার্লো আনচেলত্তি জানিয়ে দিয়েছেন, অতীতের জাদু আর নামের জোরে কেউ দলে আসবে না, শুধু বর্তমান ফর্ম ও ফিটনেসই হবে একমাত্র মাপকাঠি।
রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি নেইমার প্রসঙ্গে খোলাখুলি কথা বলেছেন। তিনি স্বীকার করেছেন, নেইমার ব্রাজিলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রতিভাবান এক ফুটবলার। কিন্তু দীর্ঘদিনের ইনজুরি সমস্যা এবং ম্যাচ ফিটনেস এখনো বড় প্রশ্নচিহ্ন হয়ে রয়েছে।
বিজ্ঞাপন
'দল গড়ার সময় অনেক বিষয় বিবেচনা করতে হয়,' বলেন আনচেলত্তি। 'নেইমার সবসময় তার প্রতিভার প্রমাণ দিয়েছে। তবে ইনজুরির কারণে অনেক সময় মিস করেছে। বর্তমানে সে কঠোর অনুশীলন করছে এবং আগের তুলনায় অনেক উন্নতি দেখাচ্ছে।'
বর্তমানে সান্তোসের হয়ে খেলছেন নেইমার। ইনজুরি কাটিয়ে মাঠে ফিরলেও পুরোনো ধারাবাহিকতা এখনো পুরোপুরি ফিরে পাননি তিনি। আনচেলত্তির মতে, বিশ্বকাপের মতো বড় আসরে জায়গা পেতে হলে নেইমারকে আরও উন্নতি দেখাতে হবে।
তিনি আরও বলেন, 'নেইমার ব্রাজিলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের ভালো-মন্দ দুই দিকই দেখতে হবে। সিদ্ধান্তটা মোটেও সহজ নয়।'
নেইমারকে ঘিরে বাইরের চাপ ও আলোচনা যতই তুঙ্গে উঠুক, ড্রেসিংরুম নিয়ে আনচেলত্তি চিন্তিত নন। 'নেইমারকে সবাই ভালোবাসে, সমর্থক থেকে শুরু করে সতীর্থ খেলোয়াড়রাও। তাকে দলে রাখলে কোনো সমস্যা হবে না,' বলেন তিনি।
বিজ্ঞাপন
তবে মিডিয়ার চাপ নিয়ে সতর্কতা প্রকাশ করে আনচেলত্তি জানান, 'ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে আমি চিন্তিত নই। কিন্তু মিডিয়া কী লিখবে বা বলবে, সেটা আমার নিয়ন্ত্রণে নেই।'
আনচেলত্তি স্পষ্ট করে দিয়েছেন যে, নেইমারকে দলে নেওয়ার ব্যাপারে কোনো বাইরের চাপ নেই। 'কেউ আমাকে চাপ দিচ্ছে না। সিদ্ধান্তটা শতভাগ পেশাদার হবে। আমি শুধু একজন ফুটবলার হিসেবে তার বর্তমান পারফরম্যান্স দেখব,' বলেন তিনি।




