মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশের কাছে সিরিজের প্রথম টেস্টে ১০৪ রানে হারার পর সব দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। দুই ম্যাচের এই অ্যাওয়ে সিরিজের প্রথম ম্যাচেই এমন শোচনীয় পরাজয়ের পর তিনি সতীর্থদের ওপর দায় না চাপিয়ে নিজেই সব দায়িত্ব নিয়েছেন।
এই ম্যাচে দুই ইনিংসেই দুই অঙ্কের ঘরে পৌঁছানোর আগেই আউট হওয়া শান মাসুদ ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বলেন, "টেস্ট ক্রিকেটে আমাদের অনেক জায়গায় উন্নতির প্রয়োজন আছে। আমি কাউকে দোষ দেব না, বরং এই হারের দায় আমি নিজেই নিচ্ছি।" তিনি আরও যোগ করেন, "দল নির্বাচন হোক, আমার ব্যাটিং পজিশন বা দল সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত- সবক্ষেত্রেই আমার উদ্দেশ্য থাকে কীভাবে উন্নতি করে একটি ভালো টেস্ট দল হওয়া যায়।"
বিজ্ঞাপন
জয়ের জন্য ২৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এক পর্যায়ে পাকিস্তানের স্কোর ছিল ৩ উইকেটে ১১৯ রান। অভিষিক্ত আব্দুল্লাহ ফজল এবং অভিজ্ঞ সালমান আলী আগা ক্রিজে থিতু হয়ে গিয়েছিলেন। কিন্তু ৩২তম ওভারে ফজল আউট হতেই শুরু হয় ব্যাটিং ধস। মাত্র ৪৪ রান তুলতেই শেষ ৭ উইকেট হারিয়ে ১৬৩ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। শান মাসুদ মনে করেন, ওই সময় সেট ব্যাটাররা যদি আরও কিছুক্ষণ টিকে থাকতে পারতেন, তবে ম্যাচটি অন্তত ড্র করা সম্ভব হতো।
টেস্ট ক্রিকেটকে কঠিন ফরম্যাট উল্লেখ করে বাঁহাতি এই ব্যাটার বলেন, "টেস্ট ক্রিকেট সবসময় আপনার সেরাটা দাবি করে। এখানে কোনো প্রতিপক্ষই দুর্বল নয়। এই ফরম্যাটে সবসময় সেরার সাথে সেরার লড়াই হয় এবং যেকোনো ভুল করলেই তার মাশুল দিতে হয়।"
এছাড়া টস জিতেও আগে বোলিং নেওয়ার সিদ্ধান্তের উপরও কিছুটা দায় চাপিয়েছেন এই ক্রিকেটার। তিনি বলেন, "কন্ডিশন দেখে মনে হয়েছে পেসারদের জন্য সেরা কন্ডিশন। এ কারণেই টস জিতে ফিল্ডিং নিয়েছিলাম। ভেবেছিলাম দ্রুত উইকেট তুলে নিতে পারলে ভালো হবে।"




