মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ঢাকা

বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন ফ্লিকের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২ মে ২০২৬, ০৯:৩৪ পিএম

শেয়ার করুন:

বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন ফ্লিকের

টানা দুই মৌসুম লা লিগা শিরোপা নিজেদের ঘরে তুলেছে বার্সেলোনা। এমন সাফল্যের পেছনের কারিগর হান্সি ফ্লিক। জার্মান এই কোচের অধীনেই কাতালান ক্লাবটি ছুটছে। সবশেষ ম্যাচে রিয়াল মাদ্রিদকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে স্প্যানিশ জায়ান্টরা। এরপরই ফ্লিক মঙ্গলবার জানিয়েছেন যে, ক্লাবের সঙ্গে তিনি ২০২৮ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়াচ্ছেন। মাত্র কয়েক দিন আগেই তাঁর অধীনে বার্সেলোনা নিজেদের ২৯তম লা লিগা শিরোপা নিশ্চিত করেছে।

ফ্লিকের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তিনি আরও এক বছরের জন্য চুক্তিবদ্ধ হচ্ছেন, যেখানে পরবর্তীতে মেয়াদ আরও বাড়ানোর সুযোগ থাকবে। গত রবিবার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে তিন ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা জয় নিশ্চিত করে বার্সেলোনা।


বিজ্ঞাপন


চুক্তি নিয়ে কথা বলতে গিয়ে ৬১ বছর বয়সী এই জার্মান কোচ বলেন, "আমি খুবই খুশি। ক্লাব কর্তৃপক্ষ আমার এবং আমার দলের ওপর আরও এক-দুই বছর কাজ করার যে আস্থা রেখেছে, তা সত্যিই প্রশংসনীয়। অনেক কোচই লম্বা সময়ের চুক্তি পছন্দ করেন, কিন্তু বার্সার ক্ষেত্রে এটি ধাপে ধাপে বাড়ানোই ভালো বলে আমি মনে করি।" তিনি আরও যোগ করেন, "আমরা ২০২৮ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ হচ্ছি। এরপর সবকিছু ঠিক থাকলে দুপক্ষ মিলে আরও এক বছর বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারব। আমার মনে হয় এটি একটি ভালো চুক্তি হয়েছে।"

উল্লেখ্য যে, গত রবিবার লিগ জয়ের দিনেই ফ্লিক তাঁর বাবাকে হারিয়েছেন। সে প্রসঙ্গে তিনি সাংবাদিকদের বলেন, "গত কয়েক দিন ধরে আমাকে ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে ব্যস্ত থাকতে হয়েছে, তাই এই ঘোষণা দিতে কিছুটা দেরি হলো।"

২০২৪ সালে দুই বছরের চুক্তিতে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন বায়ার্ন মিউনিখের সাবেক এই 'ট্রেবল' জয়ী কোচ। তাঁর অধীনে বার্সেলোনা স্পেনের ঘরোয়া ফুটবলে আবারও নিজেদের আধিপত্য ফিরে পেয়েছে। গত দুই মৌসুমে টানা দুটি লা লিগা শিরোপার পাশাপাশি ২০২৪-২৫ মৌসুমের কোপা ডেল রে এবং টানা দুবার স্প্যানিশ সুপার কাপ জিতেছে তারা।

তবে ঘরোয়া ফুটবলে সফল হলেও এ বছর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে আতলেতিকো মাদ্রিদের কাছে হেরে বিদায় নিতে হয়েছে বার্সেলোনাকে। ফ্লিক বলেন, "আমি জানি বার্সেলোনার সবার স্বপ্ন চ্যাম্পিয়ন্স লিগ জয়। আমরা আগামী মৌসুমে আরও কঠোর পরিশ্রম করব যাতে দলের সেরা পর্যায়ে পৌঁছানো যায় এবং বড় শিরোপাগুলো জেতা যায়। আমরা আবারও চেষ্টা করব।"


বিজ্ঞাপন


বুধবার দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে মাঠে নামবে চ্যাম্পিয়ন বার্সেলোনা।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর