পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে দুর্দান্ত এক জয় পেয়েছে বাংলাদেশ। সাদা পোশাকের এই ম্যাচের রং বদলিয়েছে বেশ কয়েকবারই। আজ শেষ দিনের একেবারে শেষ বেলায় এসে নির্ধারিত হয়েছে বিজয়ী। এর আগে জয়ের পাল্লা কিছুটা যেন হেলেছে দু দিকেই। প্রথম ইনিংসে ৪১৩ রানের বড় সংগ্রহ গড়ে কিছুটা স্বস্তিতেই ছিল টাইগাররা।
তবে টাইগার বোলারদের এলোমেলো বোলিং আর পাকিস্তানি ব্যাটারদের দারুণ ব্যাটিংয়ে শেষ পর্যন্ত প্রথম ইনিংসে ৩৮৬ রান করতে সক্ষম হয় পাকিস্তান। তখন অনেকেই ভেবেছিলেন ম্যাচট হয়তো ড্রয়ের দিকেই যাচ্ছে। এছাড়া তৃতীয় ও চতুর্থ দিনে বৃষ্টিও এই ধারণার পালে হাও্যা দিয়েছিল। তবে শেষ দিনে এসেই হিসেব যেন পাল্টে দিল বাংলাদেশ দল।
বিজ্ঞাপন
দ্রুত রান তুলে দ্বিতীয় ইনিংস ২৪০ রানে ঘোষণা করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৬৭ রানের। আবদুল্লাহ ফজল ৬৬ রান করে লড়াইয়ের আভাস দিলেও সফরকারীদের বাকি ব্যাটাররা সুবিধা করতে পারেননি। দ্বিতীয় সেশন শেষ হওয়ার পরও মনে হচ্ছিল ম্যাচটা ড্র হবে। তবে শেষ সেশনে নাহিদ রানার আগুনে বলিংয়েই পাল্টে গেল সব হিসাব।
শেষ পর্যন্ত ৫ উইকেট নিয়ে নাহিদ পাকিস্তানের ব্যাটিং লাইনে তাণ্ডব চালান। তাতেই জয় পায় বাংলাদেশ। দারুণ এই জয়ের পর অধিনায়ক শান্ত বলেন, ‘খুব খুশি। ছেলেরা যেভাবে খেলেছে, তাতে গর্বিত। গত কয়েক মাস আমরা কঠোর পরিশ্রম করেছি। আমরা ধীরে ধীরে টেস্ট ক্রিকেটে উন্নতি করছি, এটাই সব সময় চেয়েছিলাম।’
জয়ের আত্মবিশ্বাস ছিল বলেই দ্বিতীয় ইনিংস দ্রুতই ঘোষণা করেছেন জানিয়ে তিনি বলেন, ‘আমাদের বোলিং আক্রমণ মানসম্পন্ন। এই পিচে রানা, তাসকিন, তাইজুল দারুণ বল করেছেন। আত্মবিশ্বাস ছিল বলেই সিদ্ধান্তটা নিয়েছিলাম।




