মিরপুর টেস্টের পঞ্চম দিনে বাংলাদেশ ও পাকিস্তান দুই দলই জয়ের জন্য প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছে। চা বিরতির আগে পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১১৬ রান তুলেছে। এখন বাংলাদেশের সামনে ৭ উইকেট নেওয়ার চ্যালেঞ্জ, আর পাকিস্তানের সামনে ১৫২ রানের লক্ষ্য।
বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ২৪০ রানে ইনিংস ঘোষণা করে ম্যাচে ২৬৭ রানের লিড নেয়। ফলে পাকিস্তানের সামনে জয়ের জন্য ২৬৮ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড়ায়। প্রথম ওভারেই তাসকিন আহমেদের বলে ইমাম-উল-হক মাত্র ২ রান করে ফিরে যান। লাঞ্চের সময় পাকিস্তানের স্কোর ছিল ১ উইকেটে ৬ রান।
বিজ্ঞাপন
লাঞ্চের পর বাংলাদেশের বোলাররা আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন। মেহেদী হাসান মিরাজ আজান আওয়াইসকে (১৫) ফিরিয়ে দেন। এরপর নাহিদ রানা অধিনায়ক শান মাসুদকে মাত্র ২ রানে সাজঘরে পাঠান। ৬৮ রানে ৩ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় সফরকারীরা।
চাপ সামলে ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করেন আব্দুল্লাহ ফজল ও সালমান আলী আঘা। সাধারণত নিচের দিকে ব্যাট করা সালমানকে এদিন পাঁচ নম্বরে পাঠানো হয়। দুজনেই স্পিনের বিপক্ষে দারুণ খেলে প্রতিরোধ গড়েন। আব্দুল্লাহ ফজল ফিফটি পূর্ণ করেন এবং সালমানও কার্যকরী ব্যাটিংয়ে এগিয়ে যান।
দ্বিতীয় সেশন শেষে পাকিস্তান ৩ উইকেটে ১১৬ রানে খেলছে। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ, নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজ।




