মাত্র কয়েক সপ্তাহ পরই শুরু হতে যাচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। আর এই বড় আয়োজনের উদ্বোধনী ম্যাচের আয়োজক স্টেডিয়াম নিয়ে দেখা দিয়েছে নতুন চিন্তা। মেক্সিকো সিটির বিখ্যাত এস্তাদিও আজটেকা স্টেডিয়ামটি প্রতি বছর কয়েক ইঞ্চি করে ডুবে যাচ্ছে বলে সতর্ক করেছে নাসা।
নাসার উন্নত রাডার প্রযুক্তির মাধ্যমে পর্যবেক্ষণে দেখা গেছে, মেক্সিকো সিটির অনেক এলাকাসহ এই স্টেডিয়ামের নিচের ভূমি প্রতি বছর প্রায় ১০ ইঞ্চি (প্রায় ২৫ সেন্টিমিটার) পর্যন্ত নিচে নেমে যাচ্ছে। শহরটি পুরোনো হ্রদের তলদেশে গড়ে ওঠায় এবং অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলনের কারণে এই সমস্যা তীব্র আকার ধারণ করেছে।
বিজ্ঞাপন
নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির বিজ্ঞানী মারিন গোভোরসিন বলেন, 'শহরের ওজনের নিচে অ্যাকুইফারের পানি তোলার ফলে উপরিভাগের ভার সামলাতে না পেরে সংকুচিত হয়ে পড়ছে'
১১ জুন ২০২৬ তারিখে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। এই আইকনিক স্টেডিয়ামটি (ধারণক্ষমতা প্রায় ৮৭,৫০০) বিশ্বকাপে মোট ৫টি ম্যাচ আয়োজন করবে। এখানেই ১৯৮৬ বিশ্বকাপে ম্যারাডোনার বিখ্যাত 'হ্যান্ড অব গড' গোল হয়েছিল। সম্প্রতি স্টেডিয়ামের কংক্রিটের অংশ ভেঙে পড়ার ছবিও সামনে এসেছে, যা উদ্বেগ আরও বাড়িয়েছে।
বিজ্ঞাপন
মেক্সিকো সিটির বেশিরভাগ এলাকাই প্রতি মাসে প্রায় আধা ইঞ্চি করে ডুবে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই হার দীর্ঘদিন চলতে থাকলে স্টেডিয়ামসহ শহরের বিভিন্ন অবকাঠামোর জন্য ঝুঁকি তৈরি করতে পারে। তবে এখনো পর্যন্ত কর্তৃপক্ষ ভূগর্ভস্থ পানি উত্তোলন কমিয়ে এ সমস্যা নিয়ন্ত্রণে কোনো বড় পদক্ষেপের কথা স্পষ্ট করে জানায়নি।
ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা যেমন তুঙ্গে, তেমনি নিরাপত্তা নিয়ে প্রশ্নও উঠছে। আয়োজকরা জানিয়েছেন, স্টেডিয়ামটি বিশ্বকাপের জন্য প্রস্তুত করতে নিয়মিত মনিটরিং চলছে।




