রবিবার স্টোকহোমের ৫০,০০০ দর্শক ধারণক্ষমতাসম্পন্ন স্ট্রবেরি অ্যারেনায় (সুইডেনের জাতীয় স্টেডিয়াম) এআইকে এবং জুরগারডেন্সের মধ্যকার ডার্বি ম্যাচ চলাকালীন গ্যালারিতে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সুইডিশ লিগ ‘অলসভেনস্কান’-এর এই উত্তেজনাপূর্ণ ম্যাচ চলাকালীন গ্যালারিতে আগুন দেখে দর্শকরা দ্রুত সরে যেতে শুরু করেন।
ম্যাচের ২৫ মিনিটের সময় জুরগারডেন্স যখন ২-১ ব্যবধানে এগিয়ে ছিল, তখন রেফারি খেলা থামিয়ে দেন এবং খেলোয়াড়দের মাঠ থেকে সরিয়ে নেওয়া হয়। তবে খেলোয়াড়রা ড্রেসিংরুমে না ফিরে মাঠের পাশেই অবস্থান করছিলেন। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা নিশ্চিত হওয়া না গেলেও ধারণা করা হচ্ছে গ্যালারিতে ফ্লেয়ার (আতশবাজি) জ্বালানোর ফলে এই অগ্নিকাণ্ড ঘটেছে।
বিজ্ঞাপন
টেলিভিশন ক্যামেরায় দেখা যায়, লেলিহান শিখা দেখে দর্শকরা দিকবিদিক ছুটছেন এবং স্থিরচিত্রে পুরো মাঠ ধোঁয়ায় আচ্ছন্ন হতে দেখা যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এআইকে-এর নিরাপত্তা প্রধান হেনরিক কোচ নিশ্চিত করেছেন যে, আগুনে কেউ হতাহত হয়নি এবং দ্রুতই তা নিভিয়ে ফেলা হয়েছে।
আগুন নেভানোর কয়েক মিনিট পর খেলা আবারও শুরু হয়। প্রথমার্ধের ইনজুরি টাইমে জুরগারডেন্স তাদের তৃতীয় গোলটি পায়। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও বিপত্তি ঘটে যখন স্বাগতিক এআইকে সমর্থকরা প্রচুর পরিমাণে ফ্লেয়ার জ্বালায়। এবার খেলোয়াড়দের মাঠ থেকে সরিয়ে জরুরি বৈঠক করা হয়।
ম্যাচ ডেলিগেট হ্যান্স লারসন টিভি৪-কে জানান, "দ্বিতীয়ার্ধের শুরুর ঘটনার পর আমরা জরুরি বৈঠক করেছি। পুলিশ এবং আয়োজকদের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল পাওয়ার পর আমরা খেলা শুরু করি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল।"
উত্তেজনাপূর্ণ এই ডার্বি ম্যাচটি শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানে শেষ হয় এবং এআইকে-এর পরাজয়ের মাধ্যমে তাদের মৌসুমের নড়বড়ে শুরু অব্যাহত থাকে। বর্তমানে এক ম্যাচ বেশি খেলেও তারা পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা সিরিয়াস-এর চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে রয়েছে।




