মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে টেস্ট অভিষেকেই চমক দেখিয়েছিলেন পাকিস্তানের তরুণ ওপেনার আজান আওয়াইস। তবে সেঞ্চুরি পাওয়ার পর আর ইনিংস বড় করতে পারলেন না তিনি। ১০৩ রানের মাথায় তাসকিন আহমেদের বলে আউট হয়ে ফিরতে হয়েছে তাকে।
তাসকিনের বাউন্সারে এজ হয়ে আজানের ক্যাচ ধরেন স্লিপে দাঁড়ানো বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শান্ত নিখুঁতভাবে ক্যাচ গ্লাভসবন্দি করায় পাকিস্তানের দ্বিতীয় উইকেট পড়ে ২১০ রানে।
বিজ্ঞাপন
গতকাল শনিবার প্রথম দিন শেষে আজান ছিলেন ৮৫ রানে অপরাজিত। তার সঙ্গে আব্দুল্লাহ ফজলের জুটি থেকে পাকিস্তান লিড নেওয়ার স্বপ্ন দেখছিল। দ্বিতীয় দিনের খেলা শুরু হতেই মাত্র ২৫ মিনিটের মধ্যে নাহিদ রানার বল পুশ করে তিন অঙ্ক স্পর্শ করেন আজান। ১৫৩ বলে ১৪টি চারে তিনি পৌঁছে যান সেঞ্চুরিতে।
উল্লেখ্য, বাংলাদেশের বিপক্ষে টেস্ট অভিষেকে সেঞ্চুরি করা তৃতীয় পাকিস্তানি ব্যাটার হলেন আজান আওয়াইস। অভিষেকেই এমন দারুণ ইনিংস খেললেও শেষ পর্যন্ত টিকে থাকতে পারেননি তিনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেটে হারিয়ে ২১১ রান তুলে ফেলেছে তারা।




