ক্রিকেট বিশ্বে এখন যেন একটাই নাম বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সে এই তরুণ ব্যাটার প্রতি ম্যাচেই নতুন ইতিহাস গড়ছেন। আইপিএলের দ্রুততম সেঞ্চুরির কীর্তি তো আগেই নিজের করে নিয়েছেন, এবার আরও এক বিশ্বরেকর্ড নিজের নামে লিখিয়ে নিলেন।
শনিবার (৯ মে) গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচে মোহাম্মদ সিরাজের প্রথম বলেই বিশাল এক ছক্কা হাঁকিয়ে বৈভব টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ১০০ ছক্কার মাইলফলক স্পর্শ করেন। মাত্র ৫১৪ বল খেলে এই অসাধারণ কীর্তি গড়েছেন তিনি। একই সঙ্গে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবেও এই রেকর্ড এখন তাঁর দখলে।
বিজ্ঞাপন
ম্যাচে বৈভব ১৬ বলে ৩৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তাঁর ব্যাট থেকে আসে তিনটি ছক্কা ও তিনটি চার। সব ছক্কাই মেরেছেন পাওয়ার প্লেতে। এর ফলে চলতি আইপিএল মৌসুমে পাওয়ার প্লেতে সর্বোচ্চ ৩০ ছক্কা মেরে নতুন রেকর্ড গড়েছেন তিনি। আগের রেকর্ড (২৯ ছক্কা) ছিল অভিষেক শর্মার।
তবে দুর্ভাগ্যবশত, বৈভবের রেকর্ডময় পারফরম্যান্সেও জয় পায়নি রাজস্থান রয়্যালস। গুজরাট টাইটান্স আগে ব্যাট করে সাই সুদর্শনের ৫৫ ও শুবমান গিলের ৮৪ রানের সুবাদে বড় স্কোর গড়ে। জবাবে ২৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রাজস্থান শুরু থেকেই চাপে পড়ে এবং ১৫২ রানে অলআউট হয়ে যায়। রশিদ খান ৪ উইকেট নিয়ে দাপট দেখান, আর জেসন হোল্ডারও ৩ উইকেট তুলে নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।




