মিরপুর টেস্টের প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়েছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে স্কোরবোর্ডে যোগ করেছে ৪১৩ রান। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি ছাড়াও মুমিনুল হকের ৯১ আর মুশফিকুর রহিমের ৭১ রানের ইনিংসে ভর করে স্বাগতিকরা পেয়েছে বড় সংগ্রহের দেখা। দলকে শক্তিশালী অবস্থানে নেওয়ার ক্ষেত্রে ৩৩ রানের ছোট এক ইনিংস খেলেছেন লিটন দাস। এতেই তিনি নিজের নাম লিখেছেন দারুণ এক রেকর্ডে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে ২০০০ রান করার রেকর্ডে গড়েছেন লিটন। আইসিসির এ টুর্নামেন্টে লিটনের রান এখন ২০০৯। এ রেকর্ড গড়তে টাইগার এই ব্যাটার খেলেছেন ৩১ ম্যাচ ও ৫৫ ইনিংস, সেঞ্চুরি করেছেন ৪টি।
বিজ্ঞাপন
লিটনের পর এ রেকর্ড গড়ার দৌড়ে আছেন মুশফিক, শান্ত, মুমিনুল ও মিরাজও। তবে সবচেয়ে এগিয়ে আছেন মুশফিকই। তাঁর সংগ্রহ বর্তমানে ১৮৭৬ রান। এরপরই আছেন শান্ত, তিনি করেছেন ১৬৫৫ রান।
এদিকে মিরপুর টেস্টে বাংলাদেশ ৪১৩ রান করে অল আউট হওয়ার পর ব্যাট করতে নেমেছে পাকিস্তান। টাইগার পেসারদের সামলে স্কোরবোর্ডে রান তুলছেন দুই ওপেনার ইমাম উল হক ও আযান আওয়াইস। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ১০ ওভারে ৫০ রান।




