২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধন হবে ত্রয়ী উৎসবের মাধ্যমে। আয়োজক তিন দেশ মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডা প্রত্যেকে নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য ও তারকা শিল্পীদের নিয়ে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান করবে। ফিফা শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছে।
অনুষ্ঠানগুলোয় অংশ নেবেন বিশ্বের জনপ্রিয় সংগীত তারকারা, যেমন কেটি পেরি, ফিউচার, অ্যালানিস মরিসেট, মাইকেল বুবলে, জে বালভিন, ব্ল্যাকপিংকের লিসা এবং আরও অনেকে। আর এই উন্মাদনার শুরুতেই এক বাংলাদেশি সঙ্গীতশিল্পীর উজ্জ্বল উপস্থিতি বিশ্বব্যাপী বাঙালিদের জন্য এনেছে বিশেষ গর্বের মুহূর্ত। ঢাকায় জন্ম নেওয়া, যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা ডিজে ও প্রযোজক সঞ্জয় কানাডার উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন।
বিজ্ঞাপন
টরন্টোয় আয়োজিত এই অনুষ্ঠানে তিনি একঝাঁক আন্তর্জাতিক তারকার সঙ্গে মঞ্চ মাতাবেন। এক বিবৃততে বিষয়টা জানিয়েছে কানাডা।
১১ জুন মেক্সিকো সিটির অ্যাজটেকা স্টেডিয়ামে (টুর্নামেন্টে নাম হবে মেক্সিকো সিটি স্টেডিয়াম) মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের ৯০ মিনিট আগে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। এতে পারফর্ম করবেন কলম্বিয়ান সুপারস্টার জে বালভিন, মেক্সিকান রক ব্যান্ড মানা, আলেজান্দ্রো ফার্নান্দেজ, বেলিন্ডা, লিলা ডাউন্স, দক্ষিণ আফ্রিকান গায়িকা টাইলা এবং লস অ্যাঞ্জেলেস আজুলেস। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেন, 'বিশ্ব একসঙ্গে এই মুহূর্ত ভাগ করে নেবে। এভাবেই শুরু হবে এই টুর্নামেন্ট।'
১২ জুন টরন্টোয় কানাডা বনাম বসনিয়া ও হার্জেগোভিনা ম্যাচের আগে হবে কানাডার অনুষ্ঠান। এতে অংশ নেবেন অ্যালানিস মরিসেট, অ্যালেসিয়া কারা, এলিয়ানা, জেসি রেয়েজ, মাইকেল বুলে, নোরা ফাতেহি, সঞ্জয়, ভেজিড্রিম, উইলিয়াম প্রিন্স এবং আরও অনেকে। আয়োজকরা বলছেন, অনুষ্ঠানটি হবে 'কানাডার উপকূল থেকে উপকূল পর্যন্ত একটি সাংস্কৃতিক যাত্রা'।
বিজ্ঞাপন
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, টরন্টোর এই অনুষ্ঠান কানাডার পরিচয়কে তুলে ধরবে এবং পুরো বিশ্বকাপের উন্মাদনার প্রতিফলন ঘটাবে। সংগীত, সংস্কৃতি ও অসাধারণ পরিবেশনার মাধ্যমে এটি হবে গর্ব, ঐক্য ও প্রত্যাশার অনন্য মুহূর্ত।
একই দিন লস অ্যাঞ্জেলেসে যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ে ম্যাচের আগে হবে সবচেয়ে বড় অনুষ্ঠান। এখানে মূল আকর্ষণ হবেন পপ তারকা কেটি পেরি (যিনি ২০১৫ সালে সুপার বোল হাফটাইম শো করেছিলেন)। তার সঙ্গে থাকবেন র্যাপার ফিউচার, ব্ল্যাকপিংকের লিসা, ব্রাজিলিয়ান তারকা অ্যানিতা, রেমা, টাইলা এবং আরও অনেকে।
ইনফান্তিনো বলেন, 'লস অ্যাঞ্জেলেসের এই অনুষ্ঠান ২০২৬ বিশ্বকাপের বিশালতাকে তুলে ধরবে। এখানে যুক্তরাষ্ট্রের সাংস্কৃতিক বৈচিত্র্য ও সংগীতের শক্তি দেখা যাবে।'




