বন্ধুত্বের টানে নিরপেক্ষ থাকতে পারলেন না লিওনেল মেসি। ব্রাজিলের সুপারস্টার নেইমারকে আসন্ন ২০২৬ বিশ্বকাপে দেখতে চান আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। চোট ও ফর্মের সংকটে নেইমারের জাতীয় দলে জায়গা অনিশ্চিত হলেও, মেসির মতে তাকে ছাড়া বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ অসম্পূর্ণ।
সম্প্রতি আর্জেন্টাইন সাংবাদিক পোলো আলভারেজের জনপ্রিয় শো ‘লো দেল পোলো’-তে ৩৮ বছর বয়সী মেসি খোলাখুলি বলেন, “বিশ্বকাপে সবসময়ই আমরা সেরা খেলোয়াড়দের দেখতে চাই। ফর্ম যাই হোক, নেইমার সবসময়ই বিশ্বের সেরাদের একজন। ব্রাজিল ও বিশ্ব ফুটবলের জন্য তার গুরুত্ব অপরিসীম। তাকে মাঠে দেখাটা হবে অসাধারণ।”
বিজ্ঞাপন
নেইমারের সঙ্গে নিজের ঘনিষ্ঠ বন্ধুত্বের কথা স্মরণ করে মেসি আরও যোগ করেন, “এখানে আমি একদম নিরপেক্ষ নই। নেইমার আমার বন্ধু। মানুষ হিসেবে সে দারুণ এবং তার অর্জনের কথা বিবেচনায় তাকে বিশ্বকাপে খেলার যোগ্যতা রয়েছে। আমি খুবই আশা করি সে দলে থাকবে।”
বার্সেলোনা ও পিএসজিতে ছয় বছর একসঙ্গে খেলেছেন এই দুই তারকা। বর্তমানে মেসি যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে খেললেও, নেইমার ফিরেছেন শৈশবের ক্লাব সান্তোসে। তবে ২০২৩ সালের অক্টোবরের পর আর ব্রাজিলের জার্সিতে দেখা যায়নি তাকে। নতুন কোচ কার্লো আনচেলত্তিও এখনো তাকে কোনো স্কোয়াডে রাখেননি।
একই সাক্ষাৎকারে বিশ্বকাপের ফেবারিট দল নিয়েও কথা বলেছেন মেসি। নিজের দেশ আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন হিসেবে এগিয়ে রাখলেও, ফ্রান্স, স্পেন ও ব্রাজিলকে তিনি বেশি শক্তিশালী মনে করেন। আর নিজের অবসর নিয়ে ধোঁয়াশা রেখে তিনি জানান, ফুটবল এখনো তিনি খুব উপভোগ করছেন। “শরীর যতদিন সায় দেবে, ততদিন খেলে যেতে চাই,” বলেন মেসি।




