এল ক্লাসিকোর আগে রিয়াল মাদ্রিদ শিবিরে অপ্রত্যাশিত অশান্তি। অনুশীলনের মাঠে দুই তারকা মিডফিল্ডারের তীব্র বিতর্ক ধস্তাধস্তিতে রূপ নেওয়ায় ক্লাবের শৃঙ্খলা ভঙ্গের দায়ে বড় অঙ্কের আর্থিক শাস্তি পেয়েছেন ফেদেরিকো ভালভার্দে ও অরেলিয়েন চুয়ামেনি।
গত বৃহস্পতিবার স্বাভাবিক অনুশীলন সেশনে চুয়ামেনির সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় উরুগুয়ের তারকা ভালভার্দের। একপর্যায়ে তা হাতাহাতিতে পরিণত হয়। ভালভার্দে টেবিলে ধাক্কা খেয়ে মাথায় চোট পান এবং প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালেও যেতে হয় তাঁকে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভালভার্দে জানিয়েছেন, সেখানে কোনো ঘুষোঘুষি হয়নি; এটি ছিল তুচ্ছ এক ঘটনা।
বিজ্ঞাপন
রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ অবশ্য বিষয়টিকে গুরুত্বসহকারে নিয়েছে। শুক্রবার এক বিবৃতিতে ক্লাব জানায়, দুই খেলোয়াড়কেই প্রত্যেককে ৫ লাখ ইউরো (প্রায় ৬-৭ কোটি টাকা) জরিমানা করা হয়েছে। উভয়েই ক্লাবের কাছে দুঃখ প্রকাশ করেছেন এবং একে অপরের কাছে ক্ষমা চেয়েছেন। ক্লাব তাদের ক্ষমা গ্রহণ করলেও শাস্তির সিদ্ধান্ত বহাল রেখেছে।
এই ঘটনার মধ্যেই আগামী রোববার বার্সেলোনার বিপক্ষে মাঠে নামছে রিয়াল। লা লিগার শিরোপা লড়াইয়ে টিকে থাকতে এই ম্যাচে জয় ছাড়া কোনো বিকল্প নেই তাদের সামনে। হারলে বার্সেলোনার চ্যাম্পিয়নশিপ প্রায় নিশ্চিত হয়ে যাবে। চুয়ামেনি শুক্রবার অনুশীলনে ফিরলেও, ভালভার্দে চোটের কারণে এল ক্লাসিকোতে খেলতে পারবেন না বলে জানা গেছে।
এসটি




