বুধবার, ৬ মে, ২০২৬, ঢাকা

আইপিএল প্লে-অফের সূচি প্রকাশ, ভেন্যু বদলালো ফাইনালের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬ মে ২০২৬, ০৫:০৪ পিএম

শেয়ার করুন:

আইপিএল প্লে-অফের সূচি প্রকাশ, ভেন্যু বদলালো ফাইনালের

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইপিএলের এবারের ফাইনালের ভেন্যু পরিবর্তনের বড় সিদ্ধান্ত নিয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুসারে ফাইনাল হওয়ার কথা ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। কিন্তু স্থানীয় কর্তৃপক্ষের কিছু অতিরিক্ত চাহিদা বিসিসিআইয়ের নিয়মের বাইরে যাওয়ায় ভেন্যু বদলে দেওয়া হয়েছে।

নতুন ঘোষণা অনুসারে, ৩১ মে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবারের শিরোপা নির্ধারণী ম্যাচ। প্লে-অফের বাকি ম্যাচগুলোও তিনটি ভিন্ন ভেন্যুতে ছড়িয়ে দেওয়া হয়েছে। 


বিজ্ঞাপন


প্লে-অফের নতুন সূচি অনুযায়ী ২৬ মে কোয়ালিফায়ার-১ ধর্মশালার এইচপিসিএ স্টেডিয়ামে, ২৭ মে এলিমিনেটর চণ্ডীগড়ের নতুন আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ২৯ মে কোয়ালিফায়ার-২ চণ্ডীগড়েই। 

বিসিসিআই এই সিদ্ধান্তকে ‘বিশেষ পরিস্থিতি’ হিসেবে ব্যাখ্যা করেছে। লজিস্টিক ও অপারেশনাল কারণে এবার প্লে-অফকে তিন ভেন্যুতে ভাগ করে দেওয়া হয়েছে। গত বছরও আহমেদাবাদে ফাইনাল ও কোয়ালিফায়ার হয়েছিল, তবে এবার ধর্মশালা ও চণ্ডীগড়কেও সুযোগ দেওয়া হলো।

চলতি মৌসুমে বেঙ্গালুরু চিন্নাস্বামীতে দুর্দান্ত ফর্মে আছে। পাঁচটি হোম ম্যাচের চারটিতেই জয় পেয়েছে তারা। বর্তমানে ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে বিরাট কোহলির দল। যদি তারা ফাইনালে ওঠে, তাহলে ঘরের মাঠের দর্শক সমর্থন ও পরিচিত কন্ডিশনের সুবিধা পাবে না; এটা তাদের জন্য বড় ধাক্কা।

পাঞ্জাব কিংস ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে, আর বেঙ্গালুরু, সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালস ও গুজরাট টাইটানস সমান পয়েন্টে লড়ছে। চেন্নাই সুপার কিংসও খুব পিছিয়ে নেই।


বিজ্ঞাপন


আইপিএলের ঐতিহ্য অনুসারে সাধারণত বর্তমান চ্যাম্পিয়ন দলের ঘরের মাঠে ফাইনাল হয়। এবার সেই নিয়মও ভাঙতে হলো।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর