ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ চ্যাম্পিয়নস লিগ এখন উত্তেজনার চূড়ায়। সেমিফাইনালের লড়াইয়ে বায়ার্ন মিউনিখ ও প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) এমন এক দ্বৈরথ উপহার দিয়েছে, যা সহজেই জায়গা করে নিতে পারে টুর্নামেন্টের ইতিহাসের সেরা ম্যাচগুলোর তালিকায়।
প্রথম লেগেই দেখা গেছে অবিশ্বাস্য নাটকীয়তা ৯ গোলের রোমাঞ্চকর ম্যাচে ৫-৪ ব্যবধানে জয় তুলে নেয় পিএসজি। ইউরোপিয়ান কাপের ইতিহাসে সেমিফাইনালে এত বেশি গোলের ম্যাচ খুব কমই দেখা গেছে; ১৯৫৯-৬০ মৌসুমের পর এটিই অন্যতম সর্বোচ্চ গোলের লড়াই।
বিজ্ঞাপন
এখন সব চোখ দ্বিতীয় লেগের দিকে, যেখানে ম্যাচটি অনুষ্ঠিত হবে বায়ার্নের ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনাতে। ফুটবলপ্রেমীদের প্রত্যাশা, এখানেও আক্রমণাত্মক ফুটবলের ঝড় বয়ে যাবে। দুই দলের কোচই জানিয়েছেন, তারা নিজেদের স্বাভাবিক আক্রমণাত্মক কৌশল থেকে সরে আসবেন না।
সমীকরণটা স্পষ্ট ফাইনালে উঠতে হলে বায়ার্নকে জিততেই হবে অন্তত দুই গোলের ব্যবধানে। অন্যদিকে পিএসজি যদি নির্ধারিত সময়ের মধ্যে অন্তত ড্র করতে পারে, তবে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালের টিকিট নিশ্চিত করবে তারা।
তবে প্যারিসের দলটির জন্য দুশ্চিন্তার খবরও আছে। ইনজুরির কারণে মাঠে নামতে পারবেন না তাদের নির্ভরযোগ্য ডিফেন্ডার হাকিমি। ফলে রক্ষণভাগে কিছুটা চাপ বাড়বে তাদের ওপর। ইতিহাস বলছে, চ্যাম্পিয়নস লিগে প্রথম লেগে পিছিয়ে পড়ার পর ১৬ বার চেষ্টা করে ৪ বার ঘুরে দাঁড়াতে পেরেছে বায়ার্ন। কিন্তু সেমিফাইনালে এখনো তারা এমন প্রত্যাবর্তনের নজির গড়তে পারেনি।
চলতি মৌসুমে দুই দলের আক্রমণভাগই দুর্দান্ত ছন্দে রয়েছে। পিএসজি করেছে ৪৩ গোল, আর বায়ার্নের সংগ্রহ ৪২। এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড ৪৫ সেটিও হুমকির মুখে।
বিজ্ঞাপন
পিএসজির আক্রমণের বড় ভরসা খভিচা কাভারাটস্খেলিয়া। এই মৌসুমে ১০ গোল ও ৫ অ্যাসিস্ট করে মোট ১৫ গোলের সঙ্গে জড়িত তিনি, যা ক্লাবটির হয়ে এক মৌসুমে অনন্য রেকর্ড। পাশাপাশি নকআউট পর্বে ৭ গোল করে নিজেকে প্রমাণ করেছেন বড় ম্যাচের খেলোয়াড় হিসেবে। তরুণ প্রতিভা দেজিরে দুয়েও দারুণ ফর্মে আছেন; ২১ বছর পূর্ণ হওয়ার আগেই নকআউটে ১০টির বেশি গোল ও অ্যাসিস্টে অবদান রেখেছেন তিনি।
অন্যদিকে বায়ার্নের আক্রমণের মূল ভরসা হ্যারি কেইন। চলতি আসরে ১৩ গোল করে ইতিমধ্যেই আলোচনায় এই ইংলিশ স্ট্রাইকার। টানা ছয় ম্যাচে গোল করার কীর্তিও গড়েছেন তিনি।
দুই দলের মুখোমুখি পরিসংখ্যানে এগিয়ে বায়ার্ন ১৬ ম্যাচে ৯টি জয় তাদের। তবে প্রথম লেগের জয়ে টানা পাঁচ ম্যাচের হার কাটিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে পিএসজি। পরিসংখ্যানভিত্তিক পূর্বাভাসে অপটা জানাচ্ছে, দ্বিতীয় লেগে জয়ের সম্ভাবনায় সামান্য এগিয়ে বায়ার্ন (৫২.৭%)। কিন্তু সামগ্রিকভাবে ফাইনালে ওঠার দৌড়ে এগিয়ে রয়েছে পিএসজি (৫৭.৮%)।




