বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠের লড়াইয়ে যতটা উত্তেজনা ছড়ায়, মাঠের বাইরের বিতর্কও ততটাই আলোচিত হয়। খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে অনিয়মের অভিযোগ নতুন কিছু নয়। এবার সেই তালিকায় যুক্ত হলো জাতীয় দলের বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের নাম, যিনি নিজের প্রাপ্য অর্থ না পাওয়ার অভিযোগ তুলে নতুন করে আলোচনা শুরু করেছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে নাসুম জানান, বিপিএলের গত আসরে সিলেট টাইটান্সের হয়ে খেলার পরও তার চুক্তির পুরো টাকা তিনি পাননি। তার দাবি, মোট ৭০ লাখ টাকার চুক্তির বিপরীতে এখন পর্যন্ত তিনি পেয়েছেন মাত্র ৩৫ লাখ টাকা। বাকি ৩৫ লাখ টাকা এখনও বকেয়া রয়েছে।
বিজ্ঞাপন
গত মৌসুমে নাসুমের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। ১২ ম্যাচে ১৮টি উইকেট নিয়ে তিনি ছিলেন যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। তার এই পারফরম্যান্সে ভর করেই দলটি পৌঁছে যায় দ্বিতীয় কোয়ালিফায়ার পর্যন্ত। তবে মাঠের সাফল্য সত্ত্বেও আর্থিক দিক থেকে নিজেকে বঞ্চিত মনে করছেন এই স্পিনার।
নাসুম তার অভিযোগের পক্ষে হোয়াটসঅ্যাপে পাওয়া একটি চুক্তিপত্রও প্রকাশ করেছেন। এতে তিনি বোঝাতে চেয়েছেন যে, তার দাবিটি ভিত্তিহীন নয়। নিজের পোস্টে ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন,‘হ্যালো টাইটান্স। আমার ৩৫ লাখ টাকা তো দিয়েছেন, সরাসরি চুক্তির বাকি ৩৫ লাখ টাকা কি দিবেন? নাকি মরার পর চল্লিশার সময় দিবেন? দিলেও সেটা আমাকে জানাবেন দয়া করে, যেন আমি আমার ফ্যামিলিকে বলে যেতে পারি সিলেট টিম মালিক মাহিদুল ইসলাম সামি আমার টাকা দিবে আমি মরার পর।’
এছাড়া তিনি দলের মালিক মাহিদুল ইসলাম সামি ও উপদেষ্টা ফাহিম আল চৌধুরীর প্রতিও সরাসরি বার্তা দেন। বিশেষ করে ফাহিম আল চৌধুরীর কাছে তিনি বড় ভাই হিসেবে সহযোগিতা কামনা করেন এবং বলেন, ‘ফাহিম ভাই, আপনাকে সালাম। আমি জানি আপনি ব্যস্ত। একটু সময় হলে দয়া করে ভয়েসগুলো শুনবেন-আপনাকে নিয়ে আমি কী কী কথা বলেছি, আর তারা আমার সঙ্গে কী কথা বলেছে। আপনার কাছে আমার কিছু চাওয়ার নেই। আপনি আমাদের এলাকার মানুষ, বড় ভাই হিসেবে আপনি একটা দল গড়ে তুলেছিলেন। সেই জায়গা থেকে ছোট ভাই হিসেবে আপনাকে জানালাম।’
তিনি আরও যোগ করেন, ‘ভাই, আমার টাকাগুলো যেন পাই-এই বিষয়ে একটু দেখবেন। আমার কথা বলার মতো কেউ নেই। আল্লাহর শুকরিয়া, আপনার নাম্বারটা পেয়েছি, দুই মিনিট কথা বলতে পেরেছি। আপনার সময় নেই বলে বেশি কথা হয়নি। তবে আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি দুই মিনিট হলেও আমাকে সময় দিয়েছেন।’
বিজ্ঞাপন
এর আগে অবশ্য সিলেট টাইটান্স কর্তৃপক্ষ দাবি করেছিল, নাসুমের সঙ্গে চুক্তি অনুযায়ী সব অর্থ পরিশোধ করা হয়েছে এবং বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মাধ্যমেই সমাধান হয়েছে। কিন্তু নাসুমের সাম্প্রতিক বক্তব্য সেই দাবিকে প্রশ্নবিদ্ধ করেছে।
এসটি




