ব্রাজিলের ক্লাব সান্তোসের অনুশীলনে সম্প্রতি এক অপ্রত্যাশিত ঘটনার জন্ম দিয়েছেন তারকা ফুটবলার নেইমার জুনিয়র। সতীর্থ তরুণ খেলোয়াড় রবিনহো জুনিয়রের সঙ্গে নেইমারের উত্তপ্ত বাকবিতণ্ডা নিয়ে আলোচনা চলছে ফুটবল মহলে।
দলের যারা নিয়মিত একাদশে খেলেন না, তাদের নিয়ে আয়োজিত একটি বিশেষ অনুশীলন সেশনে অংশ নেন তারা। ইউরোপীয় বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুসারে, অনুশীলনের এক পর্যায়ে তরুণ রবিনহো জুনিয়র দারুণ ড্রিবলিং করে নেইমারকে পাশ কাটিয়ে এগিয়ে যাচ্ছিলেন। এই ঘটনাতেই কিছুটা বিরক্ত হয়ে পড়েন নেইমার।
বিজ্ঞাপন
অনুশীলনের সময় রবিনহো জুনিয়র নেইমারকে ড্রিবল করে পাশ কাটিয়ে গেলে নেইমার এতে বিরক্ত হন। একপর্যায়ে তিনি ক্ষুব্ধ হয়ে রবিনহো জুনিয়রকে পা দিয়ে বাধা দেন (ট্রিপ করেন)। এরপর দুইজনের মধ্যে উত্তপ্ত বাকবিনিময় শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে সতীর্থরা এগিয়ে এসে তাদের আলাদা করেন।
ঘটনার পর তরুণ রবিনহো জুনিয়র মানসিকভাবে বেশ কষ্ট পান বলে জানা গেছে। তবে পরে পরিস্থিতি শান্ত করতে এগিয়ে আসেন নেইমার নিজেই। তিনি রবিনহো জুনিয়রকে ফোন করে দুঃখ প্রকাশ করেন এবং তার পরিবারের কাছেও বার্তা পাঠিয়ে ক্ষমা চান।
উল্লেখ্য, রবিনহো জুনিয়র হলেন ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবিনহোর ছেলে, যিনি একসময় নেইমারের সঙ্গে জাতীয় দলে খেলেছেন।
ক্লাব সূত্রে জানা গেছে, নেইমার ও রবিনহো জুনিয়রের সম্পর্ক সাধারণত খুবই ঘনিষ্ঠ এবং বন্ধুত্বপূর্ণ। এই ঘটনাটিকে তারা দ্রুত ভুলে যাবে বলেই ধারণা করা হচ্ছে।
বিজ্ঞাপন
এদিকে সাম্প্রতিক এক ম্যাচে সান্তোস ১-১ গোলে ড্র করে পালমেইরাসের সঙ্গে। সেই ম্যাচে নেইমার ও রবিনহো জুনিয়র দুই জনেই খেলেননি।
রবিনহো জুনিয়র গত গ্রীষ্মে সান্তোসের মূল দলে যোগ দেন এবং এ মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে আটটি ম্যাচে অংশ নিয়েছেন।
এসটি




