রোববার, ৩ মে, ২০২৬, ঢাকা

হামজাদের কোচ হতে প্রাথমিক তালিকায় আছেন ব্রাজিল-আর্জেন্টিনার কোচও

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ মে ২০২৬, ০৯:০৩ পিএম

শেয়ার করুন:

হামজাদের কোচ হতে প্রাথমিক তালিকায় আছেন ব্রাজিল-আর্জেন্টিনার কোচও

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ ও গোলকিপিং কোচ নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। প্রায় তিনশ’ আবেদনকারীর মধ্য থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) প্রধান কোচের জন্য ২২ জন এবং গোলকিপিং কোচের জন্য ১৪ জনকে বেছে নিয়েছে। বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, আগামীকাল (সোমবার) ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির সভায় এই সংক্ষিপ্ত তালিকা আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হবে। সভার পর প্রেস রিলিজের মাধ্যমে নামগুলো প্রকাশ করা হতে পারে।


বিজ্ঞাপন


ইকবাল হোসেন বলেন, কোচ নির্বাচনে কোনো আপস করা হয়নি। প্রথমেই যাচাই করা হয়েছে প্রো-লাইসেন্স আছে কি না। যাদের নেই, তাদের শুরুতেই বাদ দেওয়া হয়েছে। এছাড়া কোচের সাম্প্রতিক পারফরম্যান্স, বর্তমান কর্মস্থল, জাতীয় দলের অভিজ্ঞতা, এশিয়ায় কাজ করার অভিজ্ঞতা এবং ভাষার দক্ষতাকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

বয়সের ক্ষেত্রে সাধারণত ৪০ থেকে ৬০ বছরের মধ্যে কোচদের প্রাধান্য দেওয়া হয়েছে। তবে অসাধারণ অভিজ্ঞতা ও রেকর্ড থাকলে ৬৩-৬৫ বছর বয়সী কোচদেরও রাখা হয়েছে।

তালিকায় শুধু এশিয়ার কোচ নয়, আফ্রিকা, ইউরোপ, উত্তর ও দক্ষিণ আমেরিকা থেকেও আবেদনকারী রয়েছেন। ব্রাজিল ও আর্জেন্টিনার মতো ফুটবল-বিশ্বের শক্তিশালী দেশ থেকেও কয়েকজন কোচ আছেন বলে জানিয়েছেন ইকবাল হোসেন। এশিয়ায় আগের অভিজ্ঞতা থাকলে অবশ্য অগ্রাধিকার পেয়েছেন।

ভালো মানের কোচ আনতে বড় অঙ্কের বেতন দিতে হবে উল্লেখ করে ইকবাল বলেন, “মন্ত্রী আমাদের পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ভালো কোচের জন্য প্রয়োজনীয় অর্থ ব্যয় করতে আমরা প্রস্তুত।”

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর