বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আজ ঢাকায় পা রেখেছে পাকিস্তান ক্রিকেট দল। তবে মাঠের লড়াই শুরু হওয়ার আগেই আলোচনায় উঠে এসেছে ভারত-পাকিস্তান ক্রিকেট সম্পর্কের দীর্ঘদিনের টানাপোড়েন।
এআরওয়াই পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা গত বছর এশিয়া কাপে ঘটে যাওয়া হ্যান্ডশেক বিতর্ক নিয়ে খোলাখুলি কথা বলেছেন। তিনি জানান, টসের আগ মুহূর্তে ম্যাচ রেফারি তাকে আলাদা করে ডেকে বলেন, “আজ কোনো হ্যান্ডশেক হবে না।”
বিজ্ঞাপন
সালমান আগা বলেন, “আমি টস করতে গিয়েছিলাম। তার আগে সংবাদ সম্মেলন ও ট্রফি ফটোশুটে আমরা হাত মিলিয়েছি। কিন্তু টসের ঠিক আগে রেফারির এমন কথায় আমি অবাক হয়ে গিয়েছিলাম। তবু আমি রাজি হয়ে যাই। সত্যি বলতে কী, আমিও খুব একটা আগ্রহী ছিলাম না।”
ম্যাচ শেষে পরাজয়ের পরও শিষ্টাচার বজায় রাখতে ভারতীয় ড্রেসিংরুমে গিয়েছিল পাকিস্তান দল। সালমান আগা আক্ষেপ করে বলেন, “আমরা হেরে গিয়েছিলাম, তারপরও সৌজন্য দেখাতে ওদের ড্রেসিংরুমে গিয়েছিলাম হাত মেলাতে। কিন্তু দরজা বন্ধ ছিল, কেউ আমাদের সঙ্গে হাত মেলায়নি।”
তরুণ প্রজন্মের ওপর এই ধরনের আচরণের নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পাক অধিনায়ক। তিনি বলেন, “আমরা যখন দেশের প্রতিনিধিত্ব করি, তখন ছোট বাচ্চারা আমাদের রোল মডেল হিসেবে দেখে। মাঠে এমন আচরণ দেখলে ক্লাব ক্রিকেটেও একই ঘটনা ঘটতে পারে। এটা কোনোভাবেই ঠিক নয়।”
২০২৫ সালের পাহলগাম হামলার পর ভারতীয় দল সূর্যকুমার যাদবের নেতৃত্বে পাকিস্তানের সঙ্গে হাত না মেলানোর নীতি গ্রহণ করে। এই অবস্থান পরবর্তীতে নারী বিশ্বকাপ, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ এবং ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও অব্যাহত রয়েছে।




