ক্রিশ্চিয়ানো রোনালদো নিজেই স্বীকার করলেন, তার ফুটবল ক্যারিয়ার এখন শেষের দিকে। তবে ৪১ বছর বয়সেও মাঠে নেমে গোল করা আর জয় উদযাপনের আনন্দ তিনি এখনো পুরোপুরি উপভোগ করছেন।
সৌদি প্রো লিগে আল আহলির বিপক্ষে আল নাসেরের গুরুত্বপূর্ণ জয়ে হেড করে গোল করেন রোনালদো। এই জয়ের ফলে আল নাসের শিরোপার আরও কাছে পৌঁছে গেছে। ম্যাচের পর রোনালদো বলেন, “আমার ক্যারিয়ার অসাধারণ ছিল। আমি চাই এটা এভাবেই চলতে থাকুক।” বয়স যতই বাড়ুক, গোল করা আর জেতার আনন্দ তাকে এখনো টেনে নিয়ে যায়।
বিজ্ঞাপন
এই মৌসুমে এটি রোনালদোর ২৫তম লিগ গোল। ক্যারিয়ারে এ নিয়ে ১৫ বার তিনি এক মৌসুমে ২৫ বা তার বেশি গোল করলেন। বর্তমানে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৭০। তার স্বপ্ন ১০০০ গোলের মাইলফলক ছুঁয়ে দেখা।
আল নাসের এখন লিগ টেবিলের শীর্ষে ৮ পয়েন্টের ব্যবধানে এগিয়ে আছে। ১২ মে আল হিলালের সঙ্গে হাইভোল্টেজ ম্যাচে জিতলে শিরোপা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে।
রোনালদো এবারের গ্রীষ্মে অনুষ্ঠিতব্য বিশ্বকাপকে সম্ভবত তার শেষ বিশ্বকাপ হিসেবে দেখছেন। পর্তুগালের তরুণ প্রজন্ম ভিতিনিয়া, জোয়াও নেভেস, নুনো মেন্দেস ও ব্রুনো ফার্নান্দেসদের দিকে তাকিয়ে আছেন তিনি। তার একমাত্র অপূর্ণ স্বপ্ন বিশ্বকাপ জেতা।
আল নাসেরের সঙ্গে তার চুক্তি আগামী মৌসুম শেষে শেষ হবে। সেটাই হয়তো সৌদি আরবে তার শেষ মৌসুম হতে পারে।




