রোববার, ৩ মে, ২০২৬, ঢাকা

মুম্বাইয়ের তারকা ক্রিকেটারদের ব্যর্থতা প্রসঙ্গে যা বললেন কোচ জয়াবর্ধনে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩ মে ২০২৬, ১১:৪৭ এএম

শেয়ার করুন:

মুম্বাইয়ের তারকা ক্রিকেটারদের ব্যর্থতা প্রসঙ্গে যা বললেন কোচ জয়াবর্ধনে

মুম্বাই ইন্ডিয়ান্স দলে বিশ্বের অন্যতম সেরা সব তারকা থাকা সত্ত্বেও আইপিএল ২০২৬ আসরে তারা পয়েন্ট টেবিলের তলানিতে পড়ে আছে। শনিবার চেন্নাই সুপার কিংসের কাছে হারের পর সোশ্যাল মিডিয়ায় ভক্তদের মধ্যে তীব্র আলোচনা শুরু হয়েছে- কেন জাসপ্রিত বুমরাহ, সূর্যকুমার যাদব বা তিলক ভার্মাদের মতো খেলোয়াড়দের কাছ থেকে সেরাটা বের করে আনতে পারছে না ফ্র্যাঞ্চাইজিটি। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসব উদ্বেগের জবাব দিয়েছেন প্রধান কোচ মাহেলা জয়াবর্ধনে।

এই মৌসুমে ৯ ম্যাচে বুমরাহর ঝুলিতে জমা পড়েছে মাত্র ৩টি উইকেট। সূর্যকুমার যাদব ২০ গড় নিয়ে খেলছেন এবং তিলক ভার্মার প্রতি ম্যাচে গড় রান মাত্র ২৪। এই ত্রয়ী দলে থাকা সত্ত্বেও মুম্বাইয়ের এবারের অভিযান অত্যন্ত হতাশাজনক এবং তাদের প্লে-অফের আশা প্রায় শেষ হয়ে গেছে।


বিজ্ঞাপন


জয়াবর্ধনে দলের শীর্ষ খেলোয়াড়দের ওপর দোষ চাপাতে নারাজ। তার মতে, সূর্যকুমারের ছন্দে ফেরা স্রেফ সময়ের ব্যাপার। তিনি বলেন, “আমি মনে করি না ওর সামর্থ্য কমে গেছে। বড় দুই-একটি ইনিংস খেললেই ও ছন্দ ফিরে পাবে। আজকেও ও বেশ ভালো খেলছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ওর শট সরাসরি ফিল্ডারের হাতে চলে যায়। ও কঠোর পরিশ্রম করছে এবং ওর মানসিক অবস্থাও ভালো আছে।”

তিলক ভার্মা সম্পর্কে জয়াবর্ধনে বলেন, এই তরুণ ব্যাটার এখনও টি-টোয়েন্টি ফরম্যাটের বিভিন্ন পরিস্থিতির সাথে মানিয়ে নিতে শিখছেন। কোচের মতে, অভিজ্ঞতার সাথেই তিলক বুঝতে পারবেন যে কোন পরিস্থিতিতে কীভাবে আরও সক্রিয়ভাবে ব্যাটিং করতে হয়।

মুম্বাইয়ের এবারের আসরে বোলিং একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে বুমরাহর উইকেট না পাওয়া। তবে জয়াবর্ধনে মনে করেন এটি কেবল বুমরাহর নয়, বরং পুরো ইউনিটের ব্যর্থতা। তিনি বলেন, “এটি শুধু বুমরাহর একার দায় নয়, এটি বোলারদের একটি সম্মিলিত প্রচেষ্টা। যখন সবাই মিলে উইকেট তুলে নেয়, তখন বুমরাহ আরও আক্রমণাত্মক হওয়ার সুযোগ পায়। প্রত্যেকেরই কখনও কখনও খারাপ সময় যায়, কিন্তু মান সবসময় স্থায়ী।”

জয়াবর্ধনের বিশ্বাস, তাঁর দলের তারকা খেলোয়াড়রা দ্রুতই নিজেদের স্বরূপে ফিরে আসবেন, যদিও টুর্নামেন্টের বর্তমান পরিস্থিতিতে তা মুম্বাইয়ের জন্য কতটা কাজে দেবে তা নিয়ে সংশয় রয়েই গেছে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর