বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি বৃষ্টির কারণে বন্ধ ছিল। বাংলাদেশ টস হেরে আগে ব্যাট করতে নামার পর ৬.৪ ওভারের খেলা হতেই শুরু হয় বর্ষণ। এরপর থেকেই বন্ধ ছিল খেলা। তবে বৃষ্টি থামার পর মাঠ উপযুক্ত করে আবার ম্যাচ শুরু হয়েছে। তবে কমিয়ে আনা হয়েছে দৈর্ঘ্য। ম্যাচ হবে ১৫ ওভারে।
চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচে ১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমেও শুরুটা ভালো করতে পারেননি সাইফ হাসান ও তানজিদ তামিম। আজ সাইফ শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন। দুইটি চার মেরে দারুণ কিছুর আভাসও দিয়েছিলেন। তবে নিজের ইনিংস বড় করতে পারেননি তিনি।
বিজ্ঞাপন
চতুর্থ ওভারের প্রথম বলেই আউট হন সাইফ। জেইডন লেনক্সের বলে ক্যাচ দিয়ে ফেরার আগে তিনি ১০ বলে করেন ১৬ রান। এদিকে সাইফ ফেরার পরের ওভারে দুই উইকেট হারায় বাংলাদেশ। এবার ডিন ফক্সক্রফটের বলে বিদায় নেন আরেক ওপেনার তামিম। তিনি ১০ বলে করেন ৬ রান। এরপরের বলেই সাজঘরের পথ ধরেন পারভেজ ইমন। ১ বল খেলে রানের খাতা খোলার আগেই ফিরতে হয় তাকে। এরপর ক্রিজে ছিলেন অধিনায়ক লিটন দাস ও তাওহিদ হৃদয়। লিটন ছিলেন মারমুখী মেজাজে। ১৩ বলে ৩ চার আর ১ ছয়ে ২৫ রান করেছেন তিনি। তবে বাংলাদেশের দলীয় রান যখন ৫০ তখন বৃষ্টি শুরু হলে বন্ধ হয় খেলা।




