নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জিতে লিড নিয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত হয় বৃষ্টির কারণে। আজ অনুষ্ঠিত হচ্ছে দুই দলের তৃতীয় ও শেষ ম্যাচটি যাতে জিততে পারলেই সিরিজ নিশ্চিত টাইগারদের। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে কিউইদের বিপক্ষে আগে ব্যাট করছে লাল-সবুজের দল। তবে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের।
চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচে ১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমেও শুরুটা ভালো করতে পারেননি সাইফ হাসান ও তানজিদ তামিম। আজ সাইফ শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন। দুইটি চার মেরে দারুণ কিছুর আভাসও দিয়েছিলেন। তবে নিজের ইনিংস বড় করতে পারেননি তিনি।
বিজ্ঞাপন
চতুর্থ ওভারের প্রথম বলেই আউট হন সাইফ। জেইডন লেনক্সের বলে ক্যাচ দিয়ে ফেরার আগে তিনি ১০ বলে করেন ১৬ রান। এদিকে সাইফ ফেরার পরের ওভারে দুই উইকেট হারায় বাংলাদেশ।
এবার ডিন ফক্সক্রফটের বলে বিদায় নেন আরেক ওপেনার তামিম। তিনি ১০ বলে করেন ৬ রান। এরপরের বলেই সাজঘরের পথ ধরেন পারভেজ ইমন। ১ বল খেলে রানের খাতা খোলার আগেই ফিরতে হয় তাকে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪৩ রান।




