শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

ফিফা কংগ্রেসে ফিলিস্তিন-ইসরায়েল উত্তেজনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১ মে ২০২৬, ০৪:১৪ পিএম

শেয়ার করুন:

ফিফা কংগ্রেসে ফিলিস্তিন-ইসরায়েল উত্তেজনা

ফুটবল যেখানে একতার প্রতীক হওয়ার কথা, সেখানে আন্তর্জাতিক মঞ্চেই দেখা গেল রাজনৈতিক উত্তেজনার প্রতিফলন। ফিফা কংগ্রেসের মঞ্চে ফিলিস্তিন ও ইসরায়েলের প্রতিনিধিদের মধ্যে এক প্রতীকী করমর্দন ঘিরে তৈরি হলো অস্বস্তিকর পরিস্থিতি, যা আবারও ফুটবল ও রাজনীতির জটিল সম্পর্ক সামনে নিয়ে এলো।

কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি জিবরিল রাজৌব ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি বাসিম শেখ সুলিমানের সঙ্গে করমর্দন করতে অস্বীকৃতি জানান।


বিজ্ঞাপন


মঞ্চে দুই প্রতিনিধিকে একসঙ্গে আসার আহ্বান জানান ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি রাজৌবকে সুলিমানের দিকে এগিয়ে যেতে ইঙ্গিত করলেও ফিলিস্তিনি প্রতিনিধি তাতে সাড়া দেননি।

পরে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানান ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি সুসান শালাবি। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে প্রতীকী করমর্দন ফিলিস্তিনিদের বাস্তব দুর্ভোগকে আড়াল করতে পারে। তার মতে, এতে তাদের অবস্থানের গুরুত্ব কমে যেত। অন্যদিকে, ইসরায়েল গাজায় গণহত্যার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।

পরিস্থিতি শান্ত করতে ইনফান্তিনো বলেন, দ্বন্দ্ব থাকলেও দুই পক্ষকে বিশেষ করে ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে একসঙ্গে কাজ করতে হবে। তিনি বিষয়টিকে জটিল বলেও উল্লেখ করেন।

তবে ফিলিস্তিনি পক্ষ মনে করে, করমর্দনের এই আহ্বান তাদের মূল বক্তব্যের গুরুত্বকে খাটো করেছে। শালাবির ভাষ্য অনুযায়ী, রাজৌব দীর্ঘ সময় ধরে ফুটবলের নিয়ম, সদস্য সংগঠনের অধিকার এবং ওয়েস্ট ব্যাংকের বসতিগুলোর ক্লাব নিয়ে আপত্তির বিষয়টি তুলে ধরেছিলেন।


বিজ্ঞাপন


রাজৌব পরে জানান, তিনি আইনি প্রক্রিয়ার প্রতি সম্মান দেখালেও এখন ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার সময় এসেছে। একই সঙ্গে তিনি “দ্বৈত নীতি” বন্ধের আহ্বান জানান।

ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, ওয়েস্ট ব্যাংকের বসতি এলাকায় থাকা ক্লাবগুলো ইসরায়েলি লিগে খেলতে পারে না। তবে ফিফা সম্প্রতি জানায়, আন্তর্জাতিক আইনে ওই অঞ্চলের চূড়ান্ত অবস্থান নির্ধারিত না হওয়ায় তারা এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছে না। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ফিলিস্তিন পক্ষ কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টে আপিল করেছে।

কংগ্রেস শেষে ভ্যাঙ্কুভার কনভেনশন সেন্টার থেকে বের হওয়ার সময় রাজৌব ও শালাবি বিক্ষোভকারীদের মুখোমুখি হন। বিক্ষোভকারীরা ইরানকে বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করার দাবি জানায়। তাদের অভিযোগ, ইরান দল ইসলামিক রেভল্যুশনারি গার্ডের প্রতিনিধিত্ব করে। জবাবে রাজৌব বলেন, তারা কোনো পক্ষ নিচ্ছেন না; বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন চান।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর