বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

তিন নতুন সিদ্ধান্তের কথা জানালেন তামিম

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৪১ পিএম

শেয়ার করুন:

তিন নতুন সিদ্ধান্তের কথা জানালেন তামিম

গরমের তীব্রতায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা দেখতে এসে যারা প্রায়ই অস্বস্তিতে পড়তেন, তাদের জন্য স্বস্তির খবর দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাড-হক কমিটির প্রধান তামিম ইকবাল। দায়িত্ব নেওয়ার পর থেকেই দর্শকদের ভোগান্তি কমানোয় বিশেষ নজর দিচ্ছেন সাবেক এই অধিনায়ক। আজ মিরপুরে সংবাদ সম্মেলনে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নতুন তিন পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

মিরপুর স্টেডিয়ামের বেশিরভাগ গ্যালারিতে (শহীদ জুয়েল, শহীদ মুশতাক, নর্দার্ন, সাউদার্ন, ইন্টারন্যাশনাল লাউঞ্জ ও গ্র্যান্ড স্ট্যান্ড) ছাউনি থাকায় রোদ বা বৃষ্টির তেমন সমস্যা হয় না। কিন্তু পূর্ব গ্যালারি পুরোপুরি উন্মুক্ত। সেখানে টিকিটের দাম সবচেয়ে কম হওয়ায় দর্শকও আসে সবচেয়ে বেশি। ফলে তপ্ত রোদে পুড়তে হয় বা বৃষ্টিতে ভিজতে হয় অনেককে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার মিরপুরে এক সংবাদ সম্মেলনে তামিম এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ‘স্টেডিয়ামের যেখানে জায়ান্ট স্ক্রিন ও স্কোরবোর্ড আছে, সেখানে কোনো শেড নেই। এখানেই টিকিটের দাম সবচেয়ে কম, অথচ দর্শক আসে সবচেয়ে বেশি। এই গরমে তারা প্রচণ্ড কষ্ট পায়।’

তামিম জানান, প্রায় ২৭ হাজার স্কয়ার ফিট এলাকাজুড়ে ক্যানোপি শেড বসানো হবে, যাতে পুরো অংশ ছায়ায় চলে আসে। জাতীয় স্টেডিয়ামে সাম্প্রতিক সময়ে যেভাবে করা হয়েছে, অনুরূপভাবে এটি করা হবে। প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে বলেও জানান তিনি। আশা করা হচ্ছে, দ্রুতই দর্শকরা এর সুবিধা পাবেন।

এর আগে ক্লাব হাউজের ছাউনির নিচে পরীক্ষামূলকভাবে বড় ফ্যান বসিয়েছে বিসিবি। তীব্র গরমে দর্শকদের কিছুটা আরাম দেওয়ার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

এছাড়া স্টেডিয়ামের ছাদে সোলার প্যানেল বসিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনাও করছে বিসিবি। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের পরামর্শে এই প্রকল্প শিগগিরই শুরু হতে পারে।


বিজ্ঞাপন


তামিম বলেন, ‘মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ভাই এটি বলেছেন, আমরাও একমত। প্রতি মাসে বিদ্যুৎ বিলে আমাদের অনেক টাকা খরচ হয়। আমরা পুরো স্টেডিয়ামের ছাদে সোলার সিস্টেম বসাতে চাই। এটা পরিবেশের জন্য ভালো, বিদ্যুৎ বাঁচবে। বিনিয়োগ ও প্রাপ্তির হিসাব করে সিদ্ধান্ত নেওয়া হবে। এখনো প্রাথমিক পর্যায়ে আছি, রেকি হয়েছে। সবকিছু ঠিক থাকলে এটি আমাদের জন্য গর্বের বিষয় হবে।’

এছাড়া প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম এবং সেকেন্ড একাদশ গঠনের কথা জানিয়ে তামিম বলেন, ‘আপনারা যদি বাংলাদেশের ক্রিকেটের ডিজাইনটা দেখেন তবে দেখবেন নির্দিষ্ট সংখ্যক খেলোয়াড়দের জন্যই আমাদের বেশিরভাগ ক্রিকেট। যারা জাতীয় দলে খেলে তারাই বিপিএল, বিসিএল, এনসিএল, এনসিএল টি-টোয়েন্টিতে খেলে। একটা নির্দিষ্ট সংখ্যক খেলোয়াড়রা ৫-৬টা টুর্নামেন্ট খেলার সুযোগ পাচ্ছে। কিন্তু যারা তৃতীয়, দ্বিতীয় বা প্রথম বিভাগ খেলে তাদের জন্য লিগ ছাড়া আর কোনো খেলা নাই। এই কারণ আমাদের ক্রিকেটীয় ইতিহাসে এমন কাহিনী খুব নেই যে দ্বিতীয় বা তৃতীয় বিভাগ থেকে জাতীয় দলে আসছে। কারণ আমরা ওই প্লাটফর্মটা কোনো সময়ই তৈরি করে দিতে পারিনি।’

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর