বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, বোর্ডে তাঁর কোনো ব্যক্তিগত লোক বা পক্ষ নেই। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি স্বচ্ছতা ও নিরপেক্ষতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন বলে জানিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে তামিম এসব কথা বলেন। মূলত স্টেডিয়ামের সংস্কার কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করতেই এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
এক প্রশ্নের জবাবে তামিম বলেন, 'আমার একটা বড় সুবিধা হলো, আমার কোনো লোক নাই বিসিবিতে। আমি খেলোয়াড় থেকে অর্গানাইজার হয়েছি, অর্গানাইজার থেকে বোর্ডে একটা দায়িত্ব পেয়েছি। এখানে কোনো দিক থেকে কাউকে কোনো ধরনের সুবিধা দেওয়া হবে না। কেবল বিসিবিই একমাত্র সুবিধা পাবে।'
দায়িত্ব গ্রহণের মাত্র ১৫-২০ দিনের মধ্যে তিনি বোর্ডের বিভিন্ন বিষয় নিয়ে কাজ শুরু করেছেন বলেও জানান তামিম। তিনি বলেন, ব্যক্তিগত ও অফিসিয়ালভাবে সবার সঙ্গে কথা বলে যতটা সম্ভব দ্রুত কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে বোর্ডের আর্থিক অবস্থা নিয়েও কথা বলেন তিনি। সাম্প্রতিক সময়ে আয় কিছুটা কমেছে স্বীকার করে তামিম জানান, ভবিষ্যতে রাজস্ব বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন, বিশেষ করে মিরপুর স্টেডিয়ামের সংস্কার কাজ দ্রুত এগিয়ে নেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।




