বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

২০২৬ বিশ্বকাপের জন্য নতুন প্রাইজমানি ঘোষণা করল ফিফা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ০৯:২৯ এএম

শেয়ার করুন:

২০২৬ বিশ্বকাপের জন্য নতুন প্রাইজমানি ঘোষণা করল ফিফা

আসন্ন বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর জন্য প্রাইজমানির পরিমাণ আবার বাড়িয়েছে ফিফা। আগের ঘোষণা দেওয়া অর্থের চেয়ে ১৫ শতাংশ বাড়িয়ে এই অঙ্ক প্রায় ৯০ কোটি ডলার করার ঘোষণা দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

ভ্যাংকুভারে ৭৬তম ফিফা কংগ্রেসের আগে অনুষ্ঠিত ফিফা কাউন্সিলের সভায় মঙ্গলবার প্রাইজমানি বাড়ানোর প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়। কারণ হিসেবে এবারের ৪৮ দলের বর্ধিত বিশ্বকাপের বাণিজ্যিক সাফল্যের কথা উল্লেখ করে ফিফা।


বিজ্ঞাপন


ফিফার তথ্য অনুযায়ী, এর ফলে প্রাইজমানির জন্য মোট বরাদ্দের পরিমাণ বেড়ে দাঁড়াবে ৮৭ কোটি ১ লাখ ডলারে। এতে প্রতিটি অংশগ্রহণকারী দলের প্রস্তুতি ভাতা ১৫ লাখ ডলার থেকে বাড়িয়ে ২৫ লাখ ডলার করা হয়েছে। এছাড়া অংশগ্রহণকারী দলগুলোর প্রাপ্ত অর্থের পরিমাণ ৯০ লাখ ডলার থেকে বাড়িয়ে ১ কোটি ডলার করা হয়েছে।

ফিফার এই শক্তিশালী আর্থিক অবস্থান নিয়ে প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেন, “ফিফা তার ইতিহাসের সবচেয়ে মজবুত আর্থিক অবস্থানে থাকতে পেরে গর্বিত, যা আমাদের অভূতপূর্ব উপায়ে আমাদের সমস্ত সদস্য অ্যাসোসিয়েশনগুলোকে সাহায্য করতে সক্ষম করে তুলছে। ফিফার সম্পদ কীভাবে পুনরায় খেলার মধ্যে বিনিয়োগ করা হয় এটি তার আরও একটি উদাহরণ।”

গত ডিসেম্বরে ফিফা জানিয়েছিল, উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিশ্বকাপের প্রাইজমানি সবশেষ আসরের তুলনায় ৫০ শতাংশ বাড়ানো হবে।

আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া আসরে দীর্ঘ পথ ভ্রমণ, ভিন্ন ভিন্ন কর ব্যবস্থা এবং উল্লেখযোগ্য পরিচালন চাহিদার কারণে অংশগ্রহণকারী কিছু দেশের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। বেশ কয়েকটি ইউরোপীয় অ্যাসোসিয়েশনের উদ্বেগের বিষয়টি ফিফাকে জানিয়েছিল উয়েফা। দলগুলো আশঙ্কা করছিল, প্রতিযোগিতার অনেক দূর পর্যন্ত যেতে না পারলে খরচ সামলানো বা লাভের মুখ দেখা কঠিন হতে পারে।


বিজ্ঞাপন


ইতিহাসের সবচেয়ে বড় এবং বাণিজ্যিকভাবে লাভজনক একটি বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে ফিফা, যেখানে দলের সংখ্যা এবং ম্যাচের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি টিকিট, স্পনসরশিপ এবং সম্প্রচার স্বত্ব থেকে আয় বৃদ্ধির ব্যাপক সম্ভাবনা রয়েছে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর