নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের জন্য শুধু একটি সিরিজ জয় নয়, বরং আইসিসি র্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য উন্নতির সুযোগ করে দিয়েছে। বিশেষ করে পেস বোলিং বিভাগে টাইগারদের তিন তারকা বড় লাফ দিয়ে নিজেদের অবস্থান শক্ত করেছেন।
সিরিজে তিন পেসার নাহিদ রানা, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান মিলে নিয়েছেন ১৮টি উইকেট। এই পারফরম্যান্স তাদের র্যাঙ্কিংয়ে নতুন গতি এনে দিয়েছে।
বিজ্ঞাপন
পেসারদের বড় উত্থান প্লেয়ার অব দ্য সিরিজ নাহিদ রানা তিন ম্যাচে ৮ উইকেট নিয়ে ১৬ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৪৮তম স্থানে। শরীফুল ইসলাম ৫ উইকেট নিয়ে ১১ ধাপ উন্নতি করে এখন ২৮তম অবস্থানে। মুস্তাফিজুর রহমান একটি ম্যাচেই ৫ উইকেট তুলে নিয়ে ১৪ ধাপ এগিয়ে ৪১ নম্বরে জায়গা করে নিয়েছেন।
ব্যাটিংয়েও বাংলাদেশের ক্রিকেটাররা ভালো সাড়া পেয়েছেন। সিরিজের একমাত্র সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত ১১ ধাপ এগিয়ে ৩২তম স্থানে উঠেছেন। তার সেঞ্চুরিটি ছিল সিরিজের অন্যতম সেরা ব্যক্তিগত ইনিংস।
লিটন দাসও তিন ম্যাচে একটি ফিফটিসহ ১২৯ রান করে ১৫ ধাপ এগিয়েছেন এবং এখন ৬৫তম অবস্থানে রয়েছেন।
অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ব্যাটে ৩৬ রান ও বলে ২ উইকেট নিয়ে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে যৌথভাবে তৃতীয় স্থানে উঠে এসেছেন। তার রেটিং পয়েন্ট এখন আফগানিস্তানের মোহাম্মদ নবীর সমান ২৭৫।
বিজ্ঞাপন
ওয়ানডে অলরাউন্ডারদের শীর্ষে রয়েছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই (৩২৯ রেটিং), আর দ্বিতীয় স্থানে জিম্বাবুয়ের সিকান্দার রাজা (২৭৬)।
এছাড়া প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অপরাজিত ৫১ রানের ইনিংস খেলে তাওহীদ হৃদয় টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে ৩৯তম স্থানে উঠেছেন।




