মুল্লানপুরে গতকাল মঙ্গলবার এক রুদ্ধশ্বাস ম্যাচে পাঞ্জাব কিংসের অপরাজেয় যাত্রার অবসান ঘটিয়ে জয় তুলে নিয়েছে রাজস্থান রয়্যালস। ২২৩ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে রাজস্থান খুঁজে পেয়েছে তাদের নতুন নায়ক ডোনোভান ফেরেরাকে। শিমরন হেটমায়ারের অনুপস্থিতিতে ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে ২৬ বলে ৫২ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে ৪ বল বাকি থাকতেই দলের জয় নিশ্চিত করেন এই দক্ষিণ আফ্রিকান।
ম্যাচ জিততে শেষ ৬ ওভারে রাজস্থানের প্রয়োজন ছিল ৭১ রান। ক্রিজে তখন ফেরেরা এবং অপরিচিত মুখ শুভম দুবে। দুইজনে মিলে পাঞ্জাবের বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালিয়ে ৯টি চার ও ৫টি ছক্কা হাঁকান। বিশেষ করে ডেথ ওভারে অর্শদীপ সিং ও লকি ফার্গুসনকে যেভাবে ফেরেরা মাঠের বাইরে পাঠিয়েছেন, তাতে ম্যাচের মোড় পুরোপুরি ঘুরে যায়। ফেরেরা ৫২* এবং দুবে মাত্র ১২ বলে ৩১* রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
বিজ্ঞাপন
এর আগে ব্যাটিংয়ে শুরুটা ঝোড়ো মেজাজে করেছিলেন ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী। মাত্র ১৬ বলে ৪৩ রান করার পথে তিনি ৫টি বিশাল ছক্কা মারেন। অন্যদিকে পাঞ্জাবের হয়ে যুজবেন্দ্র চাহাল ৩৬ রানে ৩ উইকেট নিয়ে লড়াই জমিয়ে তুললেও ফেরেরা-দুবের ঝড়ে সব লণ্ডভণ্ড হয়ে যায়।
ম্যাচ জয়ের পর রাজস্থান রয়্যালসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি মজার ভিডিও পোস্ট করা হয়। সেখানে দেখা যায়, ফেরেরা বলিউড সুপারস্টার সালমান খানের কাছে ক্ষমা চাইছেন! কিন্তু কেন?
পুরো বিষয়টি আসলে সালমানের ১২ বছর আগের একটি টুইটকে (বর্তমানে এক্স) কেন্দ্র করে। প্রীতি জিনতা ও পাঞ্জাব কিংসের ভক্ত সালমান ২০১৪ সালে একবার লিখেছিলেন, "জিনতার দল কি জিতেছে?"। সালমানের সেই পুরনো টুইটটি পাঞ্জাবের প্রতিটি ম্যাচের সময় ইন্টারনেটে ভাইরাল হয়।
বিজ্ঞাপন
সেই পোস্টের প্রতিক্রিয়ায় ফেরেরা ভিডিওতে হাসিমুখে বলেন, "সরি ভাই, আজ নেহি!" (দুঃখিত ভাই, আজ আর জিততে পারল না!)। প্রীতি জিনতার দলের জয়রথ থামিয়ে দেওয়ার কারণেই মজা করে এই বার্তা দেন তিনি।




