চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্যে নামছে বাংলাদেশ, তবে স্বাগতিকদের এই পথে বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। প্রথম ম্যাচে কিউইদের স্তব্ধ করে দিয়ে যেভাবে বড় লক্ষ্য তাড়া করে বাংলাদেশ জিতেছে, তাতে ভক্তরা এক রোমাঞ্চকর সিরিজের অপেক্ষায় আছেন।
গত এক বছরের তুলনায় প্রথম ম্যাচে বাংলাদেশ সম্পূর্ণ ভিন্ন ধাঁচের টি-টোয়েন্টি খেলেছে। বড় লক্ষ্য তাড়া করতে নেমে তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান দ্রুত শুরু করতে না পারলেও মিডল অর্ডারে তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন ইমন এবং শামীম হোসেনের পাল্টা আক্রমণ ম্যাচ ঘুরিয়ে দেয়। দুই ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। তবে বোলিং নিয়ে স্বাগতিকদের কিছুটা ভাবনার অবকাশ আছে, কারণ অতিরিক্ত আক্রমণাত্মক হতে গিয়ে তারা রান আটকাতে হিমশিম খেয়েছে।
বিজ্ঞাপন
অন্যদিকে নিউজিল্যান্ড স্বস্তিতে থাকবে কাটেনে ক্লার্ক ও ডেন ক্লিভারের হাফ-সেঞ্চুরিতে। তবে ইশ সোধির মতো অভিজ্ঞ স্পিনার ওভার প্রতি ১০ রান করে দেওয়ায় কিউইদের বোলিং গভীরতা নিয়ে প্রশ্ন উঠেছে।
এদিকে বাংলাদেশের সিরিজ জয়ের মিশনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন শামীম। কিউইদের বিপক্ষে প্রথম ম্যাচে উইকেটকিপারের মাথার ওপর দিয়ে শামীমের সেই স্কুপ ছক্কাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ১৩ বলে অপরাজিত ৩১ রানের ইনিংসটি আবারও মনে করিয়ে দিয়েছে যে, ফিনিশার হিসেবে তিনি কতটা কার্যকর। চটপটে ফিল্ডিং আর পার্ট-টাইম বোলিং মিলিয়ে তিনি সাদা বলের ক্রিকেটে এক দারুণ প্যাকেজ।
এদিকে কিউইরাও মাঠে নামবে সিরিজ বাঁচানোর মিশনে। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই বাজিমাত করেছেন ক্লার্ক। ৩৪ বলে হাফ-সেঞ্চুরি করার পথে তাঁর স্কয়ার কাট আর রিভার্স হিটগুলো ছিল দেখার মতো। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ নিশ্চিতভাবেই তাঁর বিপক্ষে আলাদা পরিকল্পনা নিয়ে নামবে।
সম্ভাব্য একাদশ
বাংলাদেশ:
তানজিদ হাসান, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক ও কিপার), তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও রিপন মন্ডল।
নিউজিল্যান্ড:
টিম রবিনসন, কাটেনে ক্লার্ক, ডেন ক্লিভার, নিক কেলি, বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোধি, ম্যাট ফিশার ও বেন লিস্টার।




