বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

বাবরের রেকর্ড সেঞ্চুরিতে ফাইনালে পেশোয়ার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ১০:২৭ এএম

শেয়ার করুন:

বাবরের রেকর্ড সেঞ্চুরিতে ফাইনালে পেশোয়ার

পিএসএল- ১১ এর কোয়ালিফায়ারে বাবর আজমের অনবদ্য সেঞ্চুরি এবং বোলারদের দাপটে ইসলামাবাদ ইউনাইটেডকে ৭০ রানে হারিয়ে ফাইনালে উঠেছে পেশোয়ার জালমি। করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে মঙ্গলবার তিনবারের চ্যাম্পিয়নদের স্রেফ উড়িয়ে দিয়েছে বাবর বাহিনী।

টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে পেশোয়ার জালমি ২০ ওভারে ২২১ রানের বিশাল পাহাড় গড়ে। দলের বড় সংগ্রহের কারিগর ছিলেন অধিনায়ক বাবর আজম নিজেই। ওপেনিংয়ে মোহাম্মদ হারিসের (১৬ বলে ৩৫) সাথে ৭২ রানের জুটির পর কুশল মেন্ডিসের (২৬ বলে ৪১) সাথে আরও ৮৪ রান যোগ করেন বাবর। মাঝে শাদাব খানের স্পিনে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে জালমি কিছুটা চাপে পড়লেও বাবর এক প্রান্ত আগলে রেখে ১৮তম ওভারে নিজের পিএসএল ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি পূর্ণ করেন। শেষ পর্যন্ত ৫৯ বলে ১০৩ রান (১২টি চার ও ৪টি ছক্কা) করে আউট হন তিনি।


বিজ্ঞাপন


ইসলামাবাদ ইউনাইটেডের পক্ষে অধিনায়ক শাদাব খান ৪২ রানে ৩টি উইকেট নিলেও বাকি বোলাররা বাবরের তাণ্ডব থামাতে পারেননি।

২২২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মন্দ করেনি ইসলামাবাদ। ডেভন কনওয়ে (২০) ও সামীর মিনহাজ ৫৮ রানের জুটি গড়েন। তবে ২৩ বলে ৪৪ রান করে মিনহাজ আউট হওয়ার পর থেকেই শুরু হয় ইসলামাবাদের ছন্দপতন। অধিনায়ক শাদাব খান (৬) এবং মহসিন রিয়াজ (২৫) দ্রুত ফিরে গেলে ১০০ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে তারা।

এরপর অ্যারন হার্ডির বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইসলামাবাদ। শেষ দিকে ইমাদ ওয়াসিম ১৫ বলে ২২ রান করে কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও তা কেবল পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। ১৮.৪ ওভারে ১৫১ রানেই গুটিয়ে যায় ইসলামাবাদের ইনিংস। জালমির হয়ে অ্যারন হার্ডি ৩টি এবং সুফিয়ান মুকিম ও মোহাম্মদ বাসিত ২টি করে উইকেট শিকার করেন।

এই জয়ের ফলে পেশোয়ার জালমি সরাসরি ফাইনালে পৌঁছে গেল। অন্যদিকে, শিরোপার আশা বাঁচিয়ে রাখতে ইসলামাবাদ ইউনাইটেডকে এখন দ্বিতীয় এলিমিনেটর ম্যাচের অপেক্ষায় থাকতে হবে। আগামী ১ মে লাহোরে মুলতান সুলতানস বনাম হায়দ্রাবাদ কিংস ম্যানের মধ্যকার জয়ী দলের মুখোমুখি হবে তারা।


বিজ্ঞাপন


এদিকে ইউনাইটেডের বিপক্ষে এই বিধ্বংসী সেঞ্চুরির মাধ্যমে বাবর আজম স্রেফ একটি জয়ই পাননি, বরং পাকিস্তান সুপার লিগের ইতিহাসের তিনটি বড় রেকর্ড স্পর্শ করেছেন। ৫৯ বলে ১০৩ রানের এই ইনিংসটি বাবরকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়।

১. এক সিজনে দুই সেঞ্চুরি:চলতি পিএসএলে এটি বাবরের দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে পিএসএল ৯-এ মুলতান সুলতানসের হয়ে উসমান খান এক সিজনে দুটি সেঞ্চুরি করার কীর্তি গড়েছিলেন। উসমানের পর দ্বিতীয় ব্যাটার হিসেবে এই এলিট ক্লাবে যোগ দিলেন বাবর।

২. পিএসএল ইতিহাসের সর্বোচ্চ সেঞ্চুরি:পেশোয়ার জালমির অধিনায়কের এটি পিএসএল ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। এর মাধ্যমে তিনি হায়দ্রাবাদ কিংস ম্যানের উসমান খানের সর্বোচ্চ ৪টি সেঞ্চুরির রেকর্ডে ভাগ বসালেন। পিএসএলে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকা:উসমান খান: ৪টি (৩৫ ইনিংসে)বাবর আজম: ৪টি (১১০ ইনিংসে)কামরান আকমল: ৩টি (৭৪ ইনিংসে)রাইলি রুশো: ৩টি (৯৮ ইনিংসে)ফখর জামান: ৩টি (১০৫ ইনিংসে) 

৩. এক সিজনে সর্বোচ্চ রানের রেকর্ড:২০২২ সালে লাহোর কালান্দার্সের হয়ে ফখর জামান এক সিজনে ৫৮৮ রান করে যে রেকর্ড গড়েছিলেন, গতকাল সেটি ছুঁয়ে ফেলেছেন বাবর। তবে ফখর এই রান করেছিলেন ১৩ ইনিংসে, সেখানে বাবর মাত্র ১০ ইনিংসেই ৫৮৮* রান তুলে নিয়েছেন। 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর