রিয়াল মাদ্রিদের কোচিং পদ নিয়ে চলমান অনিশ্চয়তার মাঝে একটি বড় নাম সামনে এসেছে লিওনেল স্কালোনি। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুসারে, বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন কোচকে ভবিষ্যতে দায়িত্ব দেওয়ার জন্য রিয়াল মাদ্রিদ ইতিমধ্যে তার সঙ্গে প্রাথমিক যোগাযোগ করেছে।
স্প্যানিশ সাংবাদিক মানোলো লামা ‘কাদেনা কোপ’ রেডিওর জনপ্রিয় অনুষ্ঠান ‘এল টারটুলিয়ন’-এ স্পষ্টভাবে বলেছেন, “আমি নিশ্চিত করে বলতে পারি, রিয়াল মাদ্রিদ স্কালোনির সঙ্গে যোগাযোগ করেছে।”
বিজ্ঞাপন
৪৭ বছর বয়সী স্কালোনি আর্জেন্টিনাকে ২০২২ বিশ্বকাপ এবং কোপা আমেরিকা জয়ের স্বাদ দিয়ে বিশ্ব ফুটবলে নিজের জায়গা পাকাপোক্ত করেছেন। বড় তারকাদের সামলানোর দক্ষতা, কৌশলগত পরিপক্বতা এবং দলকে একত্রিত রাখার ক্ষমতা, এসব গুণই রিয়াল মাদ্রিদের বোর্ডকে বিশেষভাবে আকৃষ্ট করেছে।
তিনি বর্তমানে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে চুক্তিবদ্ধ। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, রিয়ালের পরিকল্পনা হলো বিশ্বকাপ শেষ হওয়ার পর তাকে সান্তিয়াগো বার্নাব্যুর দায়িত্ব বুঝিয়ে দেওয়া।
যদিও গুঞ্জন জোরালো হয়েছে, স্কালোনি নিজে এখনো ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট কোনো কথা বলেননি। সম্প্রতি তিনি জানিয়েছেন, তার পুরো মনোযোগ এখন আসন্ন বিশ্বকাপের দিকে। গত মার্চে এক সংবাদ সম্মেলনে তিনি কৌশলী উত্তর দিয়ে বলেছিলেন, “আমি সামনে যা আসছে সেটা নিয়ে ভাবছি। অনেক দূরের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা আমার অভ্যাস নয়। এখন এসব নিয়ে ভাবলে বর্তমান কাজ থেকে মনোযোগ সরে যায়।”
বর্তমানে রিয়াল মাদ্রিদ লা লিগায় বার্সেলোনার চেয়ে উল্লেখযোগ্য পয়েন্টে পিছিয়ে আছে এবং এই মৌসুমে বড় কোনো শিরোপা জয়ের সম্ভাবনা ক্ষীণ। বর্তমান কোচের ওপর চাপ বেড়েছে এবং তার নিয়োগকে অনেকেই ‘অস্থায়ী’ হিসেবে দেখছেন।
বিজ্ঞাপন
ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ এখন একজন হাই-প্রোফাইল, দীর্ঘমেয়াদি কোচ খুঁজছেন। স্কালোনি ছাড়াও জুর্গেন ক্লপ, দিদিয়ের দেশম, সেস্ক ফ্যাব্রেগাসসহ আরও কয়েকজনের নাম আলোচনায় রয়েছে। তবে স্কালোনির প্রোফাইল এবং সাম্প্রতিক সাফল্য কর্তৃপক্ষের নজর কেড়েছে বলে জানা গেছে।




