ব্রাজিলের ২০২৬ ফিফা বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আর মাত্র তিন সপ্তাহ বাকি। এমন গুরুত্বপূর্ণ সময়ে ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র নতুন করে অসুস্থ হয়ে পড়ায় ফুটবলবিশ্বে চাঞ্চল্য তৈরি হয়েছে। প্রায় তিন বছর ধরে জাতীয় দলে না খেলা নেইমারকে কোচ কার্লো আনচেলত্তি শেষ পর্যন্ত দলে নেবেন কি না, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।
নেইমার বর্তমানে সান্তোস ক্লাবের হয়ে খেলছেন। সান্তোসের সাম্প্রতিক ম্যাচে তিনি বারবার ইনজুরি ও ফিটনেস সমস্যায় ভুগছেন। এল সালভাদোরের বাহিয়ার বিপক্ষে সিরি আ ম্যাচে নেইমার খেলবেন না বলে আগেই জানানো হয়েছে। দলের সঙ্গে অনুশীলনেও অংশ নেননি তিনি। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, নেইমার ভাইরাল ইনফেকশন বা ভাইরাল জ্বরে ভুগছেন। তাকে ওষুধ দেওয়া হয়েছে এবং বিশ্রামে রাখা হয়েছে।
বিজ্ঞাপন
তবে সান্তোস জানিয়েছে, এই সপ্তাহে আর্জেন্টিনায় সান লরেঞ্জোর বিপক্ষে কোপা সুদামেরিকানা ম্যাচে নেইমার মাঠে নামতে পারবেন। কোচ কুকা এই সিদ্ধান্ত নিয়েছেন যাতে নেইমার গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য তুলনামূলক ফিট থাকেন।
নেইমারের এই হঠাৎ অসুস্থতা তার বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে নতুন করে সন্দেহ তৈরি করেছে। ২০২৩ সালের অক্টোবরের পর থেকে তিনি ব্রাজিলের জার্সিতে আর মাঠে নামেননি। বারবার ইনজুরি ও পুনর্বাসন প্রক্রিয়া তার ক্যারিয়ারকে বারবার থামিয়ে দিয়েছে।
কোচ আনচেলত্তি স্পষ্ট করে বলেছেন, শুধুমাত্র পুরোপুরি ফিট খেলোয়াড়দের তিনি বিশ্বকাপ স্কোয়াডে রাখবেন। নেইমারকে তিনি এখনও সম্ভাব্য তালিকায় রেখেছেন বলে জানিয়েছেন, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে তার ফিটনেসের ওপর। চূড়ান্ত ২৬ সদস্যের স্কোয়াড ১৮ মে ঘোষণা করা হবে।




