ওয়ানডে সিরিজের রোমাঞ্চ শেষ করে এবার সাগরিকায় টি-টোয়েন্টির মঞ্চে ঝড় তুলতে প্রস্তুত বাংলাদেশ। নিউজিল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে ওয়ানডে সিরিজ জয়ের উচ্ছ্বাস নিয়ে আজ থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক লিটন কুমার দাস।
লিটন জানিয়েছেন, ভালো ব্যাটিং উইকেটে কিউই ব্যাটারদের কম রানে আটকে রাখাই তাদের মূল লক্ষ্য। বাংলাদেশ দলে রয়েছে ছয় ব্যাটার, তিন পেসার ও দুই স্পিনার। পেস আক্রমণে শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিবের সঙ্গে অভিষেক হচ্ছে রিপন মন্ডলের। স্পিনে খেলছেন মেহেদী হাসান ও রিশাদ হোসেন।
বিজ্ঞাপন
অন্যদিকে ম্যাচের ঠিক আগে নিউজিল্যান্ড বড় সমস্যায় পড়েছে। অনুশীলনের সময় ব্যাটিং করতে গিয়ে ডান পায়ের বড় আঙুলে চোট পেয়েছেন নিয়মিত অধিনায়ক টম ল্যাথাম। ফলে তিনি আজকের ম্যাচে খেলতে পারছেন না। তার জায়গায় দলকে নেতৃত্ব দিচ্ছেন নিক কেলি। কেলি জানিয়েছেন, ল্যাথামের চোট খুব গুরুতর নয় এবং পরের ম্যাচেই তাকে ফিরে পাওয়ার আশা করছে দল।
বাংলাদেশ একাদশ- লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামিম হোসেন, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম সাকিব, শরিফুল ইসলাম ও রিপন মণ্ডল।
নিউজিল্যান্ড একাদশ- টিম রবিনসন, কাটেনে ক্লার্ক, ড্যান ক্লেভার, নিক কেলি (অধিনায়ক), বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোধি, বেন লিস্টার, ম্যাট ফিশার।




