আরাগোনের দুই দলের মধ্যকার ডার্বি ম্যাচটি হওয়ার কথা ছিল উত্তেজনাপূর্ণ লড়াইয়ের, কিন্তু শেষ মুহূর্তে তা পরিণত হলো এক মারামারির দৃশ্যে। স্পেনের দ্বিতীয় বিভাগ সেগুন্ডা ডিভিশনে রোববারের এই ম্যাচে রিয়াল জারাগোজা ও এসডি হুয়েসকার খেলোয়াড়রা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। শেষ পর্যন্ত একাধিক লাল কার্ডে উত্তপ্ত হয়ে ওঠে ম্যাচ।
ম্যাচের অতিরিক্ত সময়ের আট মিনিটে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন জারাগোজার গোলরক্ষক এস্তেবান আন্দ্রাদা। খেলা চলাকালীন তিনি এগিয়ে গিয়ে হুয়েসকার অধিনায়ক হোর্হে পুলিদোর মুখে সরাসরি ঘুষি মেরে বসেন। এমন ঘটনায় কড়া শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন এই গোলরক্ষক। এর আগে তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে বের করে দেওয়া হয়েছিল।
বিজ্ঞাপন
কিন্তু সেই রাগ সামলাতে না পেরে তিনি পুলিদোকে লক্ষ্য করে ছুটে যান। মুহূর্তের মধ্যে দুই দলের খেলোয়াড়রা ধাক্কাধাক্কি ও মারামারিতে জড়িয়ে পড়েন। হুয়েসকার গোলরক্ষক দানি জিমেনেজও পাল্টা আক্রমণ করে আন্দ্রাদাকে ঘুষি মারেন।
ভিএআর রিভিউয়ের পর আন্দ্রাদা, জিমেনেজ এবং জারাগোজার ডানি তাসেন্দেকে লাল কার্ড দেখানো হয়। পুরো ঘটনাটি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে মাঠের কর্মকর্তা ও স্টাফরাও জড়িয়ে পড়েন।
ম্যাচটি আসলে ছিল অবনমনের লড়াইয়ের চাপে ভারাক্রান্ত। শেষ পর্যন্ত অস্কার সিয়েলভার একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় পায় হুয়েসকা। এই জয়ে তাদের পয়েন্ট হয় ৩৬ এবং লিগ টেবিলে উঠে আসে ১৯তম স্থানে। অন্যদিকে জারাগোজা ৩৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় সর্বনিম্ন অবস্থানে রয়ে যায়।
বিজ্ঞাপন
ম্যাচ শেষে হুয়েসকার কোচ হোসে লুইস অলত্রা খুবই হতাশা প্রকাশ করেন। তিনি বলেন, “এটা পুরোপুরি নিয়ন্ত্রণ হারানোর ঘটনা। পরিস্থিতি বোঝা যায়, কিন্তু এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” তিনি আরও যোগ করেন, “এটা খুবই কদর্য দৃশ্য। আজ আরাগোনীয় ফুটবল উদযাপনের দিন হওয়ার কথা ছিল, কিন্তু এখন মানুষ শুধু এই ঘটনাই মনে রাখবে।”




