লিভারপুল সমর্থকদের জন্য সময়টা ভীষণ আবেগের এবং একই সাথে কষ্টের। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে মৌসুমের বাকি ম্যাচগুলো থেকে ছিটকে গেছেন মোহামেদ সালাহ। মিশরের জাতীয় দলের পরিচালক ইব্রাহিম হাসান শনিবার এই তথ্য নিশ্চিত করেছেন।
৩৩ বছর বয়সী এই মিশরীয় ফরোয়ার্ড আগেই ঘোষণা করেছিলেন যে, এই মৌসুম শেষে তিনি বর্তমান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের ডেরা ছেড়ে চলে যাবেন। প্যালেসের বিপক্ষে ম্যাচের ৬০ মিনিটে যখন তিনি চোট পেয়ে মাঠ ছাড়ছিলেন, তখন গ্যালারির দর্শকদের করতালির জবাব দিচ্ছিলেন- কে জানত, এটিই রেডসদের জার্সিতে তার শেষ ম্যাচ হয়ে থাকবে!
বিজ্ঞাপন
ইব্রাহিম হাসান রয়টার্সকে বলেন, "সালাহ হ্যামস্ট্রিং টিয়ারে আক্রান্ত হয়েছেন এবং তার অন্তত চার সপ্তাহের চিকিৎসা প্রয়োজন। লিভারপুলের হয়ে তিনি তার শেষ ম্যাচটি খেলে ফেলেছেন।"
নয়টি ট্রফি-জয়ী মৌসুম কাটানোর পর সালাহর এই বিদায়টা মাঠের পারফরম্যান্স দিয়ে হচ্ছে না। লিভারপুলের এখনো চারটি ম্যাচ বাকি (ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, অ্যাস্টন ভিলা এবং ব্রেন্টফোর্ড)। অ্যানফিল্ডে শেষ ম্যাচে ব্রেন্টফোর্ডের বিপক্ষে তিনি মাঠে নামবেন ঠিকই, তবে গোল করতে নয়- সমর্থকদের উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দিতে।
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২টি গোল এবং ৯টি অ্যাসিস্ট করেছেন লিভারপুলের ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ এই গোলদাতা।
লিভারপুল অধ্যায় শেষ হলেও সালাহ এখন মরিয়া হয়ে চেষ্টা করবেন ১১ জুন থেকে শুরু হতে যাওয়া উত্তর আমেরিকা বিশ্বকাপের আগে ফিট হতে। ২০১৮ বিশ্বকাপের আগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে কাঁধের ইনজুরির সেই তিক্ত স্মৃতি তিনি নিশ্চয়ই ফেরাতে চাইবেন না। ইব্রাহিম হাসান অবশ্য আশ্বস্ত করেছেন যে, সালাহ বিশ্বকাপের আগেই সুস্থ হয়ে উঠবেন। গ্রুপ 'জি'-তে মিশরের প্রতিপক্ষ বেলজিয়াম, নিউজিল্যান্ড এবং ইরান।




